ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টোঙ্গার উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টোঙ্গার উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৭:৩৯

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩৭ কিলোমিটার গভীরে। এটি টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফু থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল সমুদ্রের মধ্যে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফু থেকে প্রায় ১৫৩ কিলোমিটার পশ্চিমে। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয় নিম্নাঞ্চলে বসবাসকারীদের দ্রুত উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রসৈকত, উপকূলীয় এলাকা ও নিচু অঞ্চল এড়িয়ে চলতে হবে।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি পৃথিবীর গভীরে হওয়ায় সুনামির ঝুঁকি নেই।

১৭১টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গায় প্রায় এক লাখ মানুষের বসবাস, যার বেশিরভাগই প্রধান দ্বীপ টোঙ্গাটাপুতে থাকে। এবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল ভাভাউ দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায়।

রাজধানী নুকু আলোফার একটি সমুদ্রতীরবর্তী হোটেলের এক কর্মী জানান, পুরো ভবন কেঁপে উঠেছিল, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

টোঙ্গা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম বেশি ঘটে। উল্লেখ্য, ২০২২ সালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতজনিত সুনামিতে দেশটিতে তিনজনের মৃত্যু হয়েছিল। সূত্র: এপি নিউজ

আরও পড়ুন

×