ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্কিন মিত্রদের বন্দর ব্যবহার করলেও হরমুজে চলাচল নিষিদ্ধ: ইরান

মার্কিন মিত্রদের বন্দর ব্যবহার করলেও হরমুজে চলাচল নিষিদ্ধ: ইরান
×

হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজ। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৯:১১ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ | ১৯:২৭

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা তিনটি জাহাজ শুক্রবার ফিরিয়ে দিয়েছে ইরান। এর মধ্যে দুটি জাহাজ চীনা কোম্পানির মালিকানাধীন। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে এদিন নতুন এক ঘোষণাও দিয়েছে বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, জায়নবাদী-আমেরিকান শত্রুদের মিত্র ও সমর্থকদের মালিকানাধীন যেকোনো বন্দর থেকে আসা বা সেই বন্দরগামী যেকোনো জাহাজের চলাচল- তা যেকোনো গন্তব্যেই হোক না কেন, পুরোপুরি নিষিদ্ধ।

এই পদক্ষেপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচলের সক্ষমতা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। এনার্জি মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের ডেটা অ্যানালিস্ট রেবেকা গার্ডেস এক বিবৃতিতে বলেছেন, এই নতুন পরিস্থিতি নির্দেশ করছে- অস্থিরতা এখনো কাটেনি।

শুক্রবার চীনা কোম্পানি কস্কোর দুটি কনটেইনার জাহাজ প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে কেপলার। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই জাহাজ দুটি পারস্য উপসাগরে আটকা পড়ে ছিল। তৃতীয় জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা জানা যায়নি।

শীর্ষস্থানীয় শিপিং জার্নাল লয়েডস লিস্টের তথ্য অনুসারে, সম্প্রতি ইরান মোট ২৬টি জাহাজকে এই প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে। এই জাহাজগুলো ইরান উপকূলের ঠিক কাছে অবস্থিত লারাক দ্বীপের পাশ দিয়ে একটি বিশেষ রুট ব্যবহার করে। লয়েডস লিস্ট এই রুটকে ‘তেহরান টোল বুথ’ হিসেবে অভিহিত করেছে। অনুমতি পাওয়া জাহাজগুলোর বেশিরভাগই চীন, গ্রিস, ভারত, পাকিস্তান ও সিরিয়ার মালিকানাধীন।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে সেপাহ নিউজ বলেছে, হরমুজ প্রণালি খোলা আছে বলে শুক্রবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাঁর এই দাবিটি মিথ্যা। আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার পর বিভিন্ন দেশের তিনটি কনটেইনার জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন

×