ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকির পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১২:৫৩ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১২:৫৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নতুন হুমকিতে বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহে ভারী বোমা বর্ষণের মাধ্যমে ইরানকে প্রস্তর যুগে পাঠানো হবে। তেহরানকে ট্রাম্প এই হুমকি দেওয়ার পর ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার তারা দুই দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে স্থানীয় সময় বুধবার ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক অভিযান শেষের পথে। একই সঙ্গে তিনি ইরানের ওপর কঠোর হামলার হুমকি দেন।
ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগিরই সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করতে যাচ্ছি।’ মার্কিন প্রেসিডেন্টের এই ভাষণ এমন সময়ে এলো যখন প্রায় ৩৫টি দেশকে নিয়ে যুক্তরাজ্য একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালি কীভাবে পুনরায় সচল করা যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের ভাষণের পর ইরান দুই দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার ব্যবধানে মোট চারবার ক্ষেপণাস্ত্রের আঘাত শনাক্ত হয়েছে।
ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না।
