মার্কিন দ্বিতীয় পাইলটকে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ধংসাবশেষ। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ০১:২৫ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ | ০১:৪১
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। অন্যদিকে, ইরান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন, তবে তাকে পুরস্কৃত করা হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’-এর এক উপস্থাপক দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিলে মূল্যবান পুরস্কার দেওয়া হবে।’
দেশটির সংবাদ সংস্থা ‘ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি’-তে প্রকাশিত এক বিবৃতিতে কোহগিলুয়ে ও বয়ার-আহমদ প্রদেশের গভর্নর ঘোষণা দিয়েছেন, ‘অপরাধী মার্কিন পাইলটকে হস্তান্তর করলে ১০ বিলিয়ন তুমান (প্রায় ৭৬ হাজার ডলার) পুরস্কার দেওয়া হবে।’
এদিকে মার্কিন সামরিক বাহিনীও ইতিমধ্যে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুই ক্রুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি মার্কিন হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। তবে দ্বিতীয় সদস্যের অবস্থান এখনো স্পষ্ট নয়। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএনএন জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটি ছিল ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ মডেলের। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে হামলা চালাতে সক্ষম। এই ধরনের বিমানে সাধারণত একজন পাইলট এবং একজন অস্ত্র পরিচালনাকারী কর্মকর্তা থাকেন।
সাবেক মার্কিন মেরিন ফাইটার পাইলট অ্যামি ম্যাকগ্রাথ জানিয়েছেন, যুদ্ধবিমান চালকদের বিশেষ ‘সারভাইভাল ট্রেনিং’ দেওয়া হয়, যাতে তারা দুর্ঘটনার পর বেঁচে থাকলে কীভাবে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি বলেন, ‘বিমানের বাইরে বের হয়ে আসা শরীরের জন্য খুবই সহিংস অভিজ্ঞতা, কিন্তু জীবিত থাকলে উদ্ধার পাওয়ার জন্য প্রশিক্ষণ কাজে লাগে।’
তবে ইরানের মতো বিশাল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় অবতরণ করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। স্থানীয় জনগণ সহায়তা করবে, নাকি বিরূপ আচরণ করবে; বিষয়টি নিশ্চিত নয়। তাই নিখোঁজ ক্রু সদস্যের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
- বিষয় :
- ইরানে হামলা
- বিমান
