ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এখনও সংগীত থেকে আয় করছেন মামদানি 

এখনও সংগীত থেকে আয় করছেন মামদানি 
×

হাইস্কুলে পড়ার সময় থেকেই মামদানির র‍্যাপার হিসেবে যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১২:০৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তাঁর অতীতের ‘র‍্যাপার’ পরিচয় থেকে এখনও আয় করছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর আয়কর নথি থেকে এই তথ্য সামনে এসেছে। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতার রাজনৈতিক জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও তাঁর সংগীত ক্যারিয়ারের আয়ে বড় উল্লম্ফন দেখা যায়নি। 

নথি অনুযায়ী, গত বছর জোহরান তাঁর মিউজিক রয়্যালটি বা সংগীতের স্বত্ব থেকে আয় করেছেন মাত্র এক হাজার ৬৪৩ ডলার। ২০২৪ সালে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৬৭ ডলার। খবর- দ্য গার্ডিয়ান।

জোহরান মামদানি এক সময় ‘ইয়াং কার্ডামম’ ও ‘মিস্টার কার্ডামম’ ছদ্মনামে র‍্যাপ গান গাইতেন। গত বৃহস্পতিবার রসিকতা করে তিনি সাংবাদিকদের বলেন, ‘নিউইয়র্কবাসী যদি সত্যিই আমার আর্থিক উন্নতি দেখতে চায়, তবে তাদের উচিত স্পটিফাইয়ে গিয়ে আমার গান শোনা। যদিও অনেকেই বলে তারা আমার গান শুনছে; কিন্তু বাস্তবে তারা তা করছে না।’

হাইস্কুলে পড়ার সময় থেকেই মামদানির র‍্যাপার হিসেবে যাত্রা শুরু। বিশের কোঠায় পা দেওয়ার পর তিনি ভারতীয় রুটি থেকে শুরু করে উপনিবেশবাদের মতো সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক বিষয়ে গান লিখতেন ও গাইতেন। তিনি নিজেকে মজা করে ‘সি-লিস্ট র‍্যাপার’ (মাঝারি সারির শিল্পী) হিসেবে পরিচয় দেন। তাঁর অনুপ্রেরণা ছিল ‘দাস রেসিস্ট’-এর মতো জনপ্রিয় ইন্ডি-র‍্যাপা দলগুলো। 

তবে মামদানিই একমাত্র মেয়র নন যিনি অভিনয়ের বা সংগীতের রয়্যালটি থেকে অর্থ পেয়েছেন। তাঁর পূর্বসূরিদের মধ্যে অন্যতম মাইকেল ব্লুমবার্গ।  

বৃহস্পতিবার সাংবাদিকদের দেওয়া আয়কর নথি অনুযায়ী, ২০২৫ সালে মামদানির আয়ের সিংহভাগই এসেছে স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে তাঁর এক লাখ ৩১ হাজার ২৯৬ ডলার বেতন থেকে। 

এ ছাড়া তাঁর স্ত্রী গ্রাফিক ডিজাইনের কাজ করে বাড়তি ১০ হাজার ১০ ডলার আয় করেছেন। সব মিলিয়ে গত বছর এই দম্পতির মোট যৌথ আয় ছিল প্রায় এক লাখ ৪৫ হাজার ডলার। তবে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর মামদানির বার্ষিক বেতন দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার ৭৫০ ডলারে।
 

আরও পড়ুন

×