ট্রাম্পের মুখে হামলার অভিজ্ঞতা- ‘ভেবেছিলাম ট্রে পড়ে গেছে’
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি
সিবিএস নিউজ
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৮:৩৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৮:৪৩
ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলের আলো ঝলমল বলরুমে হঠাৎ অতিথিরা কোনো কিছুর বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন। নিরাপত্তার দায়িত্বে থাকা দলের সদস্যরা তাৎক্ষণাত মঞ্চে হাজির হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ফেললেন। কয়েকজন সদস্য চেয়ার থেকে অনেকটা টেনে তুলে নিয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে।
দৃশ্যটি হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের একটি সংগঠনের বার্ষিক নৈশভোজের। স্থানীয় সময় শনিবার রাতে বলরুমের বাইরে গুলির ঘটনায় অতিথিদের অনেকে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। হোয়াইট হাউসে ফিরে ডোনাল্ড ট্রাম্প নিজে ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে। গুলির ঘটনার পরও তিনি অনুষ্ঠান চালিয়ে যেতে চেয়েছিলেন।
ট্রাম্প বলেন, ‘গুলি ছোড়ার সময় আমি বেশ দূরে ছিলাম। সন্দেহভাজন ব্যক্তি বলরুমের দরজার কাছেও পৌঁছাতে পারেনি।’ এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, এ ঘটনার পর আপনি জীবনের হুমকি নিয়ে উদ্বিগ্ন কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা একটা বিপজ্জনক পেশা (প্রেসিডেন্টের দায়িত্ব)।’
স্থানীয় সময় রাত সাড়ে আটটার পরপরই গুলির শব্দে অতিথিরা ছুটোছুটি করে টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেন। ওই মুহূর্তের বর্ণনায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি প্রথমে একটা শব্দ শুনেছিলেন। ভেবেছিলেন কোনো ট্রে পড়ে গেছে। কিন্তু ওটা ছিল গুলির শব্দ।
ট্রাম্প বলেন, ‘কেউ সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছিল, কেউ বোঝেনি। আমি দেখছিলাম কী ঘটছে। হয়তো আরও দ্রুত সরে যাওয়া উচিত ছিল। আমার মনে হয়, মেলানিয়া সঙ্গে সঙ্গে বুঝেছিল কী ঘটছে। আমাদের সত্যিই খুব দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।’
সিবিএস নিউজকে দুটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সন্দেহভাজন ব্যক্তি জানিয়েছেন, তিনি আসলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের গুলি করতে চেয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বিশেষভাবে ট্রাম্পকে লক্ষ্যবস্তু বানানোর কথা বলেননি। শুধু প্রশাসনের কর্মকর্তাদের কথা উল্লেখ করেছেন।
