হরমুজ প্রণালি পার হয়েছে প্রথম এলএনজিবাহী জাহাজ
সাগরে এলএনজি পরিবহনের একটি জাহাজ। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১৭:৩৮
জাহাজ চলাচল পর্যবেক্ষণের সংস্থা কেপলার জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহন করা একটি ট্যাংকার উপসাগর ছেড়ে গেছে। মার্চ মাসে বন্ধ করে দেওয়ার পর প্রণালি পার হওয়া প্রথম এলএনজিবাহী জাহাজ এটি।
কেপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি আদনক পরিচালিত এলএনজি ক্যারিয়ার মুবারাজ চলতি মাসের কোনো এক সময় উপসাগর ছেড়ে গেছে। জাহাজটিতে ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি ছিল। গত ২ মার্চ এটি আমিরাতের দাস দ্বীপে পণ্য বোঝাই করে।
মার্চের শেষ দিকে জাহাজটি স্বয়ংক্রিয় নেভিগেশন ও নিরাপত্তার ডিভাইস ‘এআইএস ট্রান্সপন্ডার’ বন্ধ করে দেয়। এক মাস পর সোমবার সেটি ভারতের উপকূলের কাছে থেকে আবার সংকেত পাঠাতে শুরু করেছে। কেপলারের বিশ্লেষক শার্ল কোস্তেরুস এক নোটে বলেছেন, জাহাজটি সম্ভবত ১৮-১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির সময় প্রণালি পার হয়েছে। ওই সময় এলএনজিবাহী সাতটি ট্যাংকারসহ একাধিক জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে বলে জানা গেছে। তবে সেগুলোর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশ কাতার। এলএনজির বাজারে তারা অন্যতম প্রধান রপ্তানিকারক। গত ১ মার্চের পর থেকে শুধু সোহার এলএনজি নামের একটি ক্যারিয়ার প্রণালি পার হয়। কিন্তু সেটি খালি বা খুবই কম পণ্য ছিল।
মার্চ মাসের প্রথমদিন থেকে উপসাগর ছেড়ে গেছে ৭০টির বেশি অপরিশোধিত তেলবাহী জাহাজ। এগুলোর বেশিরভাগই ইরান থেকে যাত্রা করে।
- বিষয় :
- এলএনজি
- জাহাজ
- হরমুজ প্রণালি
- আরব আমিরাত
