ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নবদ্বীপে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

নবদ্বীপে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
×

ছবি:ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৯:০৬ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৯:০৯

নদীয়ার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন নবদ্বীপ থানার রেলগেটসংলগ্ন এলাকায় অবস্থিত তৃণমূলের ওই কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভের পরই দুর্বৃত্তরা কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। 

এ সময় কার্যালয়সংলগ্ন দুটি দোকানঘরেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পাশাপাশি ওই কার্যালয় দখল চেষ্টারও অভিযোগ উঠেছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

তবে বিজেপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

×