বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১০:৪১
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিংয়ে বৈঠকে বসেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাঁদের আলোচনা করার কথা রয়েছে।
আজ বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে রাশিয়া সফর করেছিলেন আরাগচি। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
মস্কো সফরের পরপরই বেইজিং সফরে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি প্রধান বিষয়- যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। চীন হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সোচ্চার হলেও, একই সঙ্গে তারা ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধেরও সমালোচনা করেছে।
আগামী ১৪-১৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইরানকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে চাপ দেয়।
সূত্র: রয়টার্স
- বিষয় :
- চীন
- পররাষ্ট্রমন্ত্রী
- ইরান
- আব্বাস আরাগচি
- বৈঠক
