যুক্তরাষ্ট্র যত কালক্ষেপণ করবে, করদাতারা তত মূল্য দেবে: গালিবাফ
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: আলজাজিরার সৌজন্যে
এএফপি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৫:২৫
মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার তিনি সতর্ক করে বলেছেন, শর্তগুলো না মানলে ওয়াশিংটনকে ‘ব্যর্থতার’ মুখোমুখি হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যানের পর গালিবাফ এমন বার্তা দিলেন। ট্রাম্প বলেছেন, গত ৮ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতিটি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে।
গালিবাফ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রধান আলোচক। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, দুই মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে হলে ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের ‘অধিকার’ মেনে নিতে হবে। ১৪ দফা মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এর বাইরে অন্য যেকোনো পদক্ষেপ ওয়াশিংটনের ব্যর্থতা ডেকে আনবে।
বাঘের গালিবাফ আরো লিখেছেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) এটি নিয়ে যত বেশি কালক্ষেপণ করবে, আমেরিকান করদাতাদের তত বেশি চড়া মূল্য দিতে হবে।’ স্পিকারের এমন মন্তব্যের আগে ইরানের সামরিক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে তারা কড়া জবাব দিতে প্রস্তুত।
ইরানের পাল্টা প্রস্তাবে কী আছে সে সম্পর্কে ধারণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে বিদেশে আটকে থাকা সম্পদ ছাড়ের দাবি জানানো হয়েছে। তবে এসবের বিনিময়ে ইরান কী দেবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মঙ্গলবার দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক্সে লিখেছেন, যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে পার্লামেন্টের এমপিরা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি বিবেচনা করবেন। রেজাই আরো লিখেছেন, আবারও হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা। পার্লামেন্টে বিষয়টি খতিয়ে দেখা হবে।
- বিষয় :
- ইরান যুদ্ধ
- প্রস্তাব
- যুক্তরাষ্ট্র
- করদাতা
