আগাম জামিন পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না
ছবি: সংগৃহীত
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৫:৩৬ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৫:৪৫
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে আগামী ৩১ জুলাই পর্যন্ত আগাম জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বৃহস্পতিবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, অনুমতি ছাড়া অভিষেক বিদেশ যেতে পারবেন না।
বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্য ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। গত ১৪ এপ্রিল বিধানসভা নির্বাচনে ভোট প্রচার চলার সময় প্রকাশ্য এক সভায় বিজেপি নেতা অমিত শাহকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, ‘বিজেপির সঙ্গে বেশি উদারতা দেখাতে নেই। আমাদের সৌজন্যতা আমাদের দুর্বল নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত নয়, ৪ তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে তিনি বলেন, ‘আমি শাহকে বলব, ৪ তারিখ বাংলায় থাকবেন আপনি।’
পরে ১৮ এপ্রিল ফের অভিষেক বলেন, ‘অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন, চুন চুনকে হিসাব হোগা। আমি বলি, যদি বুকের পাটা থাকে ৪ তারিখ বাংলায় থাকবেন। কলকাতায় দেখা হবে বেলা ১২টার পর। কত ধানে কত চাল বুঝব।’
২৭ এপ্রিল কারও নাম উল্লেখ না করে বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘৪ তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে।’
এসব মন্তব্যের জেরে গত ১৫ মে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। গ্রেপ্তারের শঙ্কা থেকে মামলাটি খারিজের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।
বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুনানির শুরুতেই বিচারপতি অভিষেককে তীব্র ভর্ৎসনা করে বলেন, ‘৩ বারের সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন? যদি ৪ মে ফলাফল ভিন্ন হতো, তাহলে কী ঘটত?’
কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, নির্বাচনের সময় এমনিতেই পারদ চড়া থাকে এবং অমিত শাহও উসকানিমূলক মন্তব্য করেছেন।
এর জবাবে বিচারপতি রাজ্যের ভোট-পরবর্তী সহিংসতার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গের একটা কালো ইতিহাস আছে। ভোট-পরবর্তী সহিংসতার ইতিহাস আছে। একজন সাংসদের কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। এই ধরনের মন্তব্য কি তাঁর স্ট্যাটাসের সঙ্গে যায়?’
তীব্র ভর্ৎসনার পর আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে ৩১ জুলাই পর্যন্ত আগাম জামিন দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া থেকে পশ্চিমবঙ্গ পুলিশকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি বলা হয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে হলে ন্যূনতম ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। তদন্তে অভিষেককে সম্পূর্ণ সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না তিনি।
মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।
