ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরানের সঙ্গে চুক্তির অগ্রগতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চুক্তির অগ্রগতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

এএফপি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৪:০৬

ইরানের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের বৈঠক ঘিরে একটি চুক্তির অগ্রগতির আশা করছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন ইঙ্গিত দিয়ে বলেছেন তিনি বিশ্বাস করেন, এই বৈঠক চুক্তির আলোচনাকে আরো এগিয়ে নেবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রুবিও বলেন, ‘আমি বিশ্বাস করি পাকিস্তানি প্রতিনিধি দল আজ (বৃহস্পতিবার) তেহরান সফর করবে। আশা করা যায়, এটি আলোচনাকে আরো কিছুটা এগিয়ে নিয়ে নেবে।’

বৃহস্পতিবার ইরানের বার্তা সংস্থা আইএসএনএ তাদের এক প্রতিবেদনে লিখে, ‘মুনিরের এই সফরের উদ্দেশ্য হলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শ চালিয়ে যাওয়া।’ দেশটির অন্যান্য গণমাধ্যমও একই প্রতিবেদন প্রকাশ করেছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, যুদ্ধ শেষ করতে চাইলে চুক্তি করতে হবে অথবা নতুন হামলা শুরু হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অসিম মুনিরের তেহরান সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। 

যুদ্ধবিরতির মাঝে সরাসরি সংঘাত না হলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে রেখেছে দুই পক্ষের বাগযুদ্ধ। তবে এই অচলাবস্থা বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ কৃষক- সবাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একমাত্র প্রত্যক্ষ বা সরাসরি আলোচনাটি হয় গত এপ্রিল মাসে। পাকিস্তানে অনুষ্ঠিত সে আলোচনারও কেন্দ্রে ছিলেন অসিম মুনির। কিন্তু সে বৈঠক ব্যর্থ হয়। তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবি’ তোলার অভিযোগ করে।

এরপর থেকে দুই পক্ষই একে অপরের কাছে একাধিক প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু উভয়ই সেগুলো প্রত্যাখ্যান করেছে। সঙ্গে হরমুজ প্রণালিসহ নতুন সামরিক সংঘাত শুরুর পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে।

আরও পড়ুন

×