কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ পেল তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়। ছবি: সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৪:২৬ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৫:২৫
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর মাত্র ২০ দিনের মাথায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তি তাঁর বাড়ি থেকে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। দুই মাসের মধ্যে বাড়িটি ছাড়ার আল্টিমেটাম দেওয়ায় বিপাকে পড়েছে তৃণমূল।
মেট্রোপলিটন বাইপাস এলাকার ওই বহুতল ভবনটির মালিক রাজ্যের অন্যতম নামকরা ডেকরেটার্স সংস্থা ‘মডার্ন ডেকরেটর্স’-এর কর্ণধার মন্টু সাহা।
প্রথমে ২ বছর এবং পরে আরও ২ বছরের চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়েছিল তৃণমূল। মন্টু সাহা জানিয়েছেন, বাড়িভাড়া বাবদ দলের কাছে তাঁর কোনো বকেয়া নেই।
মন্টু সাহা আরও জানান, ভোটের ফল প্রকাশের দিন (৪ তারিখ) ওই ভাড়াবাড়িতে বাইরে থেকে ভাঙচুর চালানো হয়। নিজের সম্পত্তির আরও ক্ষতির আশঙ্কায় তিনি তৃণমূলকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন।
২০০২ সালে তোপসিয়ায় তৈরি পুরোনো ‘তৃণমূল ভবন’ ভেঙে ২০২২ সালে জি-প্লাস ফাইভ (ছয়তলা) অত্যাধুনিক ভবন নির্মাণের কাজ শুরু করে তৃণমূল কংগ্রেস। ছাব্বিশের ভোটের আগে দিনরাত এক করে কাজ চললেও, নির্বাচনে হারের পর সেখানে এখন কাজের গতি মন্থর হয়ে গেছে।
নতুন ভবন তৈরি না হওয়া পর্যন্ত এই ভাড়াবাড়িতেই চলছিল দলের সাংগঠনিক কাজ। এই অস্থায়ী কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা ঘর ছিল।
