কলকাতায় ছাগল ও দুম্বার 'আকাশছোঁয়া' দাম, নেপথ্যে কী
কলকাতার জাকারিয়া স্ট্রিটের ওপরে বসেছে পশুর হাট। ছবি: সমকাল/শুভজিৎ পুততুন্ড
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৬:৪৩ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৯:২৯
সরকারি নির্দেশিকা মেনে আসন্ন পবিত্র ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ। গরু কুরবানি নিয়ে রাজ্য সরকারের ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ থাকায় এবার ঈদে কুরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা ব্যাপক হারে বেড়েছে।
কুরবানির কয়েকদিন আগে থেকেই কলকাতার পশুর বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং পশুর দামও আকাশছোঁয়া হয়ে উঠেছে।
কলকাতার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, যে ছাগলের দাম কয়েকদিন আগেও ছিল ১২ হাজার রুপি তা আজ দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার রুপিতে। আর দুম্বার দামও আকাশছোঁয়া। ৭০-৮০ হাজার রুপি থেকে শুরু করে দেড় লাখ রুপি পর্যন্ত পৌঁছেছে এক একটি দুম্বার দাম।
বাজার ঘুরে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিক্রির জন্য নানা প্রজাতির ছাগল আনা হয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে বিক্রির জন্য আনা হয়েছে দুম্বা।
হাটে ছাগল কিনতে এসে এক ক্রেতা সমকালকে বলেন, গরু বিক্রি কার্যত বন্ধ থাকায় ছাগল-দুম্বার দাম বেড়ে গেছে।
ক্রেতা ও বিক্রেতা উভয়েই জানাচ্ছেন, গতবারের তুলনায় এবার ছাগল ও দুম্বার দাম কার্যত দ্বিগুণ। তবু সামর্থ্য অনুযায়ী দরদাম করে অনেকেই ছাগল কিনে বাড়ি ফিরছেন।
উল্লেখ্য, গত ১৩ মে পশু জবাই বিষয়ে একাধিক নির্দেশনাসহ একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বিজেপি সরকার।
পরে কলকাতা হাইকোর্ট জানায়, পশু কোরবানি সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের জারি করা ওই নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তিতে আদালত হস্তক্ষেপ করবে না। ২১ মে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন।
- বিষয় :
- ঈদুল আজহা
- পশ্চিমবঙ্গ
- মুসলিম
