ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকার গঠনের একমাসের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু অধিকারী

সরকার গঠনের একমাসের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু অধিকারী
×

লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যপাল আরএন রবি নবনির্বাচিত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। ছবি-ভিডিও থেকে নেওয়া

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৮:১৭

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার গঠনের একমাসের মধ্যেই তাঁর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করেছেন। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল পূর্ণাঙ্গ মন্ত্রিসভার জন্য। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১লা জুন, ২০২৬) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন।

এদিন সকাল ১১টায় লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যপাল আরএন রবি নবনির্বাচিত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এই ৩৫ জনের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এই শপথগ্রহণের মাধ্যমে রাজ্যের বিজেপি মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াল ৪১। অভিজ্ঞ রাজনীতিক এবং নতুন মুখের নিখুঁত সমন্বয়ে গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা।

জাতীয় গীত 'বন্দে মাতরম' এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শপথ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুখ্যসচিব মনোজ আগরওয়াল মন্ত্রীদের নাম ঘোষণা করেন।

১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন
দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দুধকুমার মণ্ডল, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চ্যাটার্জি, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখার্জি, অজয় পোদ্দার, অরূপ কুমার দাস।

৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন
মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ।

১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন
জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার।

এখনও পর্যন্ত দপ্তর বণ্টন করা হয়নি। জানা গিয়েছে, সোমবার বিকেলে নবান্নে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করবেন।

এর আগে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়ার দপ্তর ইতিমধ্যেই বন্টন করা হয়েছে।

আরও পড়ুন

×