দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বাংলাদেশিও আছেন
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিভাগের সদস্যরা। বুধবার নয়াদিল্লিতে। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৮:৪৮
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও আছেন। দেশটির দুই গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিহত ২১ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক।
গণমাধ্যম দুটির প্রতিবেদনে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের বরাত দিয়ে তারা লিখেছে, নিহত বিদেশিরা বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের নাগরিক।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নয়াদিল্লির মালভিয়া নগরে ‘মিকাসা ইন’ নামের হোটেলটি চিকিৎসা ভিসায় ভারতে যাওয়া আফ্রিকান নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। এটি পন্ডিত মদন মহান মালভিয়া হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল ও এআইআইএমএস-এর কাছে অবস্থিত।
এনডিটিভি জানায়, বুধবার সকালে হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। একটি সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ আছে। যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু মানুষ ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।
হোটেলটির রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তিনি যখন একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করেন, তখনই হঠাৎ করে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারেন, আগুন পুরো হোটেলে ছড়িয়ে গেছে।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- হোটেল
- নয়াদিল্লি
- বাংলাদেশি
- ভারত
