ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি
দ্য গার্ডিয়ান ও এএফপি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৯:৪৮ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৯:৫৬
ইসরায়েলের প্ররোচনা নয়, বরং নিজে থেকেই ইরানে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে প্রথম আঘাত করতো ইসরায়েলে। তখন দেশটির অস্তিত্ব বিলীন হয়ে যেত।
বুধবার ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট। সেখানে তিনি ইরান যুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনার বিষয়ে কথা বলেন। ‘নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প যুদ্ধে জড়িয়েছেন’- এমন দাবিকে হেসে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি আমাকে ফুঁসলিয়েছেন? এই যুদ্ধ তো আমিই শুরু করেছি।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটি শুরু করেছি। আমরা কোনোভাবেই তাদের (ইরান) পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। এখন এটি ইসরায়েলের সঙ্গেও সম্পর্কিত। কারণ, সম্ভবত তারাই (ইসরায়েল) প্রথম আঘাতের শিকার হতো। তখন ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।’
ইরানের পারমাণিক অস্ত্র তৈরির চেষ্টা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আপনাদের একটি কথা বলি, আমি যদি না থাকতাম, তবে এই মুহূর্তে ইসরায়েল নামের কোনো দেশের অস্তিত্বই থাকত না।’
ফোনালাপে নেতানিয়াহুর সঙ্গে বাগবিতণ্ডার কথাও স্বীকার করেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়- আপনি কি নেতানিয়াহুকে অপ্রকাশযোগ্য শব্দ ও বদ্ধ উন্মাদ বলে গালি দিয়েছিলেন? ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, বলেছি। লেবাননের সঙ্গে তাঁর ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়টি আমাকে কিছুটা বিরক্ত করেছিল।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম, আমাদের এবার এটা বন্ধ করতে হবে।’ ফোনালাপে রাগারাগি হলেও ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক আছে। তিনি বিবিকে (নেতানিয়াহুর ডাকনাম) খুব পছন্দ করেন।
