ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

জলবায়ু

‘বিশ্বের অ্যাকুয়ারিয়াম’ রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই

‘বিশ্বের অ্যাকুয়ারিয়াম’ রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই
×

ক্যালিফোর্নিয়া উপসাগরে দেখা মেলে বৈচিত্র্যময় প্রাণের সমাবেশ আর্থ জাস্টিস

 আসিফ মাহমুদ খান

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৯:১৪ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১০:৩৮

| প্রিন্ট সংস্করণ

মেক্সিকোর উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া উপসাগরকে সমুদ্রবিজ্ঞানী ও অভিযাত্রী জ্যাক কুস্তো নাম দিয়েছিলেন ‘বিশ্বের অ্যাকুয়ারিয়াম’। অঞ্চলটির এই নামকরণের পেছনে একটা সুনির্দিষ্ট কারণও আছে। পৃথিবীর খুব কম জায়গাতেই একসঙ্গে এত বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণের সমাবেশ দেখা যায়। নীল তিমি, হাম্পব্যাক তিমি, ডলফিন, সি লায়ন, কচ্ছপ, হাঙরসহ অসংখ্য প্রাণীর নিরাপদ আবাস এই উপসাগর।

সম্প্রতি এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় এক অনন্য আন্দোলনের সাক্ষী হচ্ছে মেক্সিকো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাস্তুতন্ত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখতে একযোগে কাজ করছে পরিবেশবাদী সংগঠন, স্থানীয় জনগোষ্ঠী, তরুণ কর্মী, বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংস্থাগুলো।

ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যের কেন্দ্র পৃথিবীর সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর প্রায় এক-তৃতীয়াংশের আবাসস্থল। বিশ্বের বৃহত্তম প্রাণী নীল তিমিসহ অন্তত ১১ প্রজাতির তিমি নিয়মিত এখানে আসে খাদ্য সংগ্রহ, প্রজনন ও বাচ্চা লালন-পালনের জন্য। প্রায় ৯০০ প্রজাতির মাছ, ক্যালিফোর্নিয়া সি লায়ন, ফার সিল, লোগারহেড কচ্ছপ এবং নানা ধরনের সামুদ্রিক প্রাণী এ অঞ্চলের পরিবেশগত গুরুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন সামুদ্রিক স্রোতের মিলনের কারণে উপসাগরটির পানিতে প্রচুর পুষ্টি উপাদান জমা হয়। ফলে এখানে এমন কিছু প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিকাশ ঘটেছে, যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। 

সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলকে কেন্দ্র করে বড় শিল্প প্রকল্পের পরিকল্পনা সামনে আসে। এরপরই নতুন করে গুরুত্ব পায় পরিবেশ রক্ষার প্রশ্ন। তবে আশার খবর হলো, স্থানীয় জনগণ ও পরিবেশবাদী সংগঠনগুলো দ্রুত সংগঠিত হয়ে বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছে।

তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ‘নুয়েস্ত্রো ফুতুরো’ সামুদ্রিক প্রাণীর সুরক্ষাকে আইনি কাঠামোর মধ্যে প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তাদের উদ্যোগে তিমির মতো প্রাণীদের স্বতন্ত্র অস্তিত্ব ও সুরক্ষার অধিকার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির আইনি পদক্ষেপের ফলে অঞ্চলটিতে একটি বড় জ্বালানি কোম্পানির ট্যাঙ্কার চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যা পরিবেশ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিও প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে কঠোর পরিবেশগত মূল্যায়নের আহ্বান জানিয়েছে।

এই আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি সম্ভবত সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ। তিমি ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন, স্বাক্ষর সংগ্রহ করেছেন। স্থানীয় জেলে, পর্যটন খাতের কর্মী এবং উপকূলীয় সম্প্রদায়গুলোও এই উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছে।

পরিবেশবিদদের মতে, ক্যালিফোর্নিয়া উপসাগর রক্ষার এই প্রচেষ্টা শুধু একটি অঞ্চলের প্রাণবৈচিত্র্য সংরক্ষণের বিষয় নয়। এটি জলবায়ু পরিবর্তনের যুগে প্রকৃতি ও উন্নয়নের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার একটি উদাহরণ। তাই বিশ্বের ‘অ্যাকুয়ারিয়াম’ আজ শুধু জীববৈচিত্র্যের এক বিস্ময় নয়; এটি প্রকৃতি রক্ষায় মানুষের সম্মিলিত উদ্যোগেরও প্রতীক। 
সূত্র: আর্থ জাস্টিস

আরও পড়ুন

×