ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সড়কের নামকরণ হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সড়কের নামকরণ হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৪:৫৯

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি সড়কের নামকরণ করা হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ২৩ জুন আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করা হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডি প্রথম ২০২৫ সালের ডিসেম্বরে সড়কটির নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দেন। তবে যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বিরোধ ও পশ্চিম এশিয়ার সংঘাতসহ বৈশ্বিক অনিশ্চয়তার কারণে পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজ্য সরকার আবারও উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৩ জুনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিভিন্ন কূটনৈতিক আয়োজন ও উদযাপনের পরিকল্পনা রয়েছে, যা আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিরও অংশ হতে পারে।

তেলেঙ্গানা সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হায়দরাবাদ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রাজ্যে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই সম্পর্কের প্রতিফলন হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার আরও কয়েকটি সড়কের নাম বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নামে রাখার বিষয়ও বিবেচনা করছে। এর মধ্যে গুগল এবং মাইক্রোসফটের নাম উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে তেলেঙ্গানাকে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের কেন্দ্র হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।

সড়কের নামকরণ নিয়ে রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে। তেলেঙ্গানা বিজেপির সভাপতি রামচন্দর রাও কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে প্রশ্ন তুলেছেন।

রাও বলেন, রাহুল গান্ধী যেখানে বলছেন ভারত ট্রাম্পের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, সেখানে রেভন্ত রেড্ডি আবার ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ উদ্বোধন করছেন। এখন কংগ্রেসকে স্পষ্ট করতে হবে—ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করেছেন রেভন্ত রেড্ডি, নাকি রাহুল গান্ধী।

তবে তেলেঙ্গানা সরকার বলছে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে হায়দরাবাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃশ্যমান করা এবং শহরটির আন্তর্জাতিক বিনিয়োগবান্ধব ভাবমূর্তি জোরদার করা।

আরও পড়ুন

×