নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: বিবিসি
বিবিসি
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১২:১২
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে রাজধানী নিয়ামেতে অবস্থিত বিমানবন্দরটিতে এ হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী আহত হয়েছেন এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল ও আটক ব্যক্তিদের কাছ থেকে আরপিজি-৭ রকেটচালিত গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দা লাওয়ালি সালহা বিবিসিকে বলেন, প্রথমে তারা বিস্ফোরণের শব্দকে কোনো যানবাহনের টায়ার ফেটে যাওয়ার ঘটনা মনে করেছিলেন। পরে টানা গুলির শব্দে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন।
দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি সেখানে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে। এছাড়া সাহেল অঞ্চলের তিন দেশ-নাইজার, মালি ও বুরকিনা ফাসোকে নিয়ে গঠিত অ্যালায়েন্স অব সাহেল স্টেটস (এইএস)-এরও বিভিন্ন স্থাপনা রয়েছে বিমানবন্দরটিতে।
কৌশলগত গুরুত্বের কারণে বিমানবন্দরটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। পুরো এলাকা নজরদারির জন্য ৩৫০টিরও বেশি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, কট্টরপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে নাইজারের সরকার ও সেনাবাহিনী। চলতি বছরের জানুয়ারিতেও বিমানবন্দরটিতে হামলা চালিয়েছিল আইএস-সমর্থিত একটি গোষ্ঠী। ওই হামলায় একজন সেনাসদস্য ও ২০ হামলাকারী নিহত হয়েছিলেন। বর্তমানে সামরিক সরকারের অধীনে থাকা নাইজারে হামলার পরপরই জেএনআইএমের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
- বিষয় :
- নাইজার
- বিমানবন্দর
- সশস্ত্র হামলা
