ভূমিকম্পের পর স্বাস্থ্য সংকটের আশঙ্কা করছেন ভেনেজুয়েলার ত্রাণকর্মীরা
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৯:১৭
ভেনেজুয়েলায় গত ২৪ জুনের ধ্বংসাত্মক জোড়া ভূমিকম্পের পর দেশটিতে এক ভয়াবহ স্বাস্থ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ২৯৫ জন নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। পরিষ্কার পানির অভাব, শোচনীয় স্যানিটেশন ব্যবস্থা এবং আগে থেকেই ধসে পড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিস্থিতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
কারাকাসের হাসপাতাল জোসে গ্রেগোরিও হার্নান্দেজের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিও কোভা বলেন, খুব শিগগিরই আমরা যে সমস্যাটির সম্মুখীন হতে যাচ্ছি তা হলো সংক্রামক রোগ, যা দীর্ঘ সময় ধরে এই বিপর্যয়ের শিকার রোগীদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
কোভা বলেন, আমরা এরই মধ্যে জটিল ট্রমা বা আঘাতের একটি পর্ব পার করেছি। কিন্তু এখন এটি সংক্রমণের কারণে আরও জটিল হয়ে উঠেছে।
ত্রাণকর্মীরাও সতর্ক করে বলেছেন, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রোগের প্রাদুর্ভাবকে উসকে দিতে পারে।
লা গুয়াইরা অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্র থেকে আল জাজিরার সংবাদদাতা তেরেসা বো জানান, এখানকার মানুষদের মধ্যে ডায়রিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার অনেক খবর পাওয়া গেছে।
বো বলেন, উদাহরণস্বরূপ তারা পোর্টেবল (বহনযোগ্য) টয়লেট চাচ্ছেন এবং সেইসাথে অতিরিক্ত ভিড় ও রোগের বিস্তার রোধে এই জায়গাটিকে পুনর্গঠন করতে সরকারের কাছে সাহায্য চাইছেন।
এদিকে সাউথকমের মুখপাত্র স্টিভেন ম্যাকলাউড জানিয়েছেন, উদ্ধারকার্যে সহায়তায় প্রায় ৯০০ মার্কিন সেনা এবং পররাষ্ট্র দপ্তরের আরও ১০০ জন কর্মীকে পাঠানো হয়েছে। কারাকাস বিমানবন্দরের রানওয়ে মেরামত ও উপকূলে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাহায্যকারী গোষ্ঠী ও জাতিসংঘের মাধ্যমে ৩০ কোটি ডলারের সহায়তা প্রস্তাব দিয়েছে।
মার্কিন সহায়তার প্রস্তাব দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। ইউএনডিপি-এর স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী, জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ৬৭০ কোটি ডলারেরও বেশি বস্তুগত ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর (যাকে এ বছরের শুরুতে মার্কিন বাহিনী স্ত্রীসহ অপহরণ করে) আমল থেকে শুরু হওয়া অর্থনৈতিক সংকটে ৭৭ লাখের বেশি মানুষ দেশত্যাগ করেছেন। এর মধ্যে দেশের ৬০ হাজার নিবন্ধিত চিকিৎসকের প্রায় এক-তৃতীয়াংশই রয়েছেন। সমীক্ষা অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে জরুরি সরবরাহের ৩০ শতাংশ এবং অপারেশন থিয়েটারগুলোতে ৭০ শতাংশেরও বেশি ঘাটতি রয়েছে।
সূত্র: আল জাজিরা
- বিষয় :
- ভেনেজুয়েলা
- ভূমিকম্প
