ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলায় অন্তত ১৮ জন নিহত

কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলায় অন্তত ১৮ জন নিহত
×

রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের পাশে স্থানীয় কয়েক বাসিন্দা। বৃহস্পতিবার কিয়েভে। ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৬:৫৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র এই হামলাকে ইউক্রেনের রাজধানীর ওপর চালানো এখন পর্যন্ত ‘সবচেয়ে ভয়াবহ ও ব্যাপক হামলা’ বলে উল্লেখ করেছেন। 

এ ঘটনায় শুক্রবার কিয়েভে সরকারিভাবে শোক দিবস ঘোষণা করেছেন মেয়র ভিটালি ক্লিচকো। তিনি জানান, হামলায় প্রায় ৯০ জন আহত হয়েছেন। আক্রান্ত স্থানগুলোর মধ্যে একটি জরুরি অ্যাম্বুলেন্স স্টেশন আছে। এর আগের কিছু হামলায় নিহতের সংখ্যা আরও বেশি ছিল। ব্যবহার করা হয়েছিল ভারী অস্ত্র। এবারের হামলার বিশেষত্ব হলো এটি কিয়েভের বিস্তীর্ণ এলাকার বহু স্থানে একযোগে আঘাত হেনেছে। 

বুধবার রাতের হামলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। জেলেনস্কির সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যে শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কিছু আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

মস্কোর দাবি, রুশ বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনীয় হামলার পাল্টা জবাব হিসেবে তাদের বাহিনী কিয়েভের সামরিক কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য কিয়েভের ওপর চাপ প্রয়োগের এই ধারা অব্যাহত থাকবে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, হতাহতদের মধ্যে শিশুরাও আছে। শত্রুরা আবারও জেনে শুনে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

আরও পড়ুন

×