ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

১৬ দিনে ওজন কমেছে ৮ কেজি, তবু অনশন চালিয়ে যাচ্ছেন ককরোচ পার্টির সোনম

১৬ দিনে ওজন কমেছে ৮ কেজি, তবু অনশন চালিয়ে যাচ্ছেন ককরোচ পার্টির সোনম
×

সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ছবি: হিন্দুস্তান টাইমস

বিবিসি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১০:৪৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১০:৪৭

ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলা আন্দোলনে অনির্দিষ্টকালের অনশনে থাকা প্রকৌশলী, শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। টানা ১৬ দিনের অনশনে তার ওজন কমেছে ৮ দশমিক ২ কেজি। তবে সরকারের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী ওয়াংচুক বলেন, 'বাইরে থেকে আমি দুর্বল, কিন্তু ভেতর থেকে আমি শক্ত।'

সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, তার রক্তচাপ নেমে এসেছে ১০৭/৭০-এ এবং রক্তে শর্করার মাত্রা ৬৭-এ। চিকিৎসকেরা তার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সমর্থকদের অনেকেই অনশন ভাঙার আহ্বান জানালেও তিনি তাতে সাড়া দেননি।

এই আন্দোলনের সূচনা করেছে অনলাইন ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের দাবি, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

টানা অনশনে সোনম ওয়াংচুকের ওজন কমেছে ৮ কেজির বেশি, রক্তে শর্করার মাত্রাও কমে এসেছে। ছবি- হিন্দুস্তান টাইমস

গত ২৯ জুন আন্দোলনে যোগ দিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন ওয়াংচুক। নিজেকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের অনুসারী উল্লেখ করে তিনি বলেন, অনশনের মাধ্যমে তিনি সরকারের বিবেককে নাড়া দিতে চান।

লাদাখের অন্যতম পরিচিত জননেতা ওয়াংচুক কৃত্রিম হিমবাহ ‘আইস স্তূপ’ উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ২০১৮ সালে তিনি র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন। ২০০৯ সালের জনপ্রিয় বলিউড চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর প্রধান চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’র অনুপ্রেরণাও ছিলেন তিনি।

প্রচণ্ড গরমের মধ্যেও দিল্লির যন্তর মন্তরে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, কর্মী ও সমর্থক। তাদের আশঙ্কা, ওয়াংচুকের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে।

আন্দোলনের উদ্যোক্তা অভিজিৎ দিপকে বলেন, ওয়াংচুকের পক্ষে এখন হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকেরা অনশন বন্ধ করার পরামর্শ দিলেও তিনি তা মানতে রাজি নন। তার বক্তব্য, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

এদিকে আন্দোলনের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, সমাজকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরা সমর্থন জানালেও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কোনো প্রতিনিধি এখনো আলোচনায় এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ না হওয়ায় আগামী ২০ জুলাই, ভারতের পার্লামেন্টের অধিবেশন শুরুর দিন, সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীদের আশা, সেখানে গিয়ে তারা সরাসরি সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারবেন।


 

আরও পড়ুন

×