আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে দাঙ্গা
ম্যাচ শেষে বুয়েন্সে আইরেসের সড়কে উত্তেজিত জনতা। রোববার রাতে। ছবি: এএফপি
দ্য সান
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৪:৩৮ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৯:৩৫
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের সড়ক কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরাজিত দলের সমর্থকদের হতাশা ও ক্ষোভ রূপ নেয় দাঙ্গায়।
স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান ক্ষুব্ধ সমর্থকরা। আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবে’ জানিয়েছে, এতে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠলে সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে তখন হঠাৎ করেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশের সদস্যদের লক্ষ্য করে কয়েকজন কাঁচের বোতল ও অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করেন।

উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টায় পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। ইনফোবের তথ্য অনুযায়ী, প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ চলে। এতে সাতজন পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন। আহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজনকে রাস্তায় ফেলে আঘাত করতে দেখা গেছে।

ঘটনার এক পর্যায়ে পুলিশ রাজধানীর কোরিয়েন্তেস অ্যাভিনিউ থেকে বেলগ্রানো অ্যাভিনিউর দিকে অগ্রসর হয়। তখন উত্তেজিত জনতা পিছু হটতে শুরু করে।
প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভাঙা কাচের বোতলসহ সংঘর্ষে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাস্তায় পড়ে আছে। একটি ছবিতে দেখা গেছে, মাটিতে পড়ে থাকা আর্জেন্টিনার জার্সি পরা এক ব্যক্তিকে পুলিশ সদস্য লাথি মারছেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে রোববার রাতে লিওনেল মেসিদের হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। ওই ম্যাচ শেষে মাঠেও বিশৃঙ্খলা দেখা গেছে। পরাজয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়ান। রেফারির ফাইনাল বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস স্পেনের তারকা খেলোয়াড় গাভিকে লক্ষ্য করে ঘুষি মারেন। মাটিতেও আছড়ে ফেলেন।

এ ঘটনায় পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি স্লাভকো ভিনচিচ। পরে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে।
এদিকে পরাজয় সত্ত্বেও আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে স্পেনের ফুটবলাররা শিরোপা উঁচিয়ে ধরার কয়েক ঘণ্টার মাথায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এ ঘোষণা দেন। তবে ছুটির তারিখটি জাতীয় দলের খেলোয়াড় ও কোচেরা মিলে নির্ধারণ করবেন।