কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, শাস্তি দাবি
কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি-ভিডিও থেকে নেওয়া
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৮:০৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১৮:১৯
কলকাতায় ছাত্র আন্দোলনে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। সোমবার কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমকর্মী সংগঠনের সদস্যরা অংশ নেন।
গত শুক্রবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিয়ালদহ রেলস্টেশন থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে একাধিক ছাত্র সংগঠন ও ককরোচ জনতা পার্টির সদস্যরা। তবে কর্মসূচির শেষ দিকে আন্দোলনকারীদের একটি অংশ গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়।
এই ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতা প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। সেখানে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা। পরে মিছিলটি আবার কলকাতা প্রেস ক্লাবে ফিরে আসে।
একই দিন গণমাধ্যমকর্মীদের একটি আট সদস্যের প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিদলে হামলার শিকার কয়েকজন সাংবাদিকও ছিলেন।
এদিকে, পশ্চিমবঙ্গ সরকার এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।