ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্পেনকে শেনজেন থেকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেনকে শেনজেন থেকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী
×

লরাঁ নুনিয়েজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২০:৩০

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় মরক্কো থেকে হাজারো মানুষের প্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি জোরদার করেছে ফ্রান্স। তবে এ কারণে স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চল থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ।

শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘স্পেনের শেনজেন অঞ্চল ছাড়ার প্রয়োজন নেই। বিষয়টি একেবারেই আলোচনায় নেই। স্পেনের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে।’

শুক্রবার ইতালি এক মাসের জন্য স্পেনের সঙ্গে শেনজেন চুক্তির আওতায় চলাচল সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। শেনজেন ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে সাধারণত পাসপোর্ট বা ভিসা ছাড়াই চলাচলের সুযোগ থাকে।

লরাঁ নুনিয়েজ বলেন, স্পেন সীমান্তে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে ফ্রান্স। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা স্পেনকে শেনজেন থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার দাবি করছি না।’

এদিকে শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতা সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের প্রতিক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, কিছু দেশের প্রতিক্রিয়া ছিল ‘স্বার্থপর, বিভাজনমূলক ও বেআইনি’।

একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য মরক্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পেনের প্রধানমন্ত্রী।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন

×