ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভারত

ধর্ষণ মামলায় তেহেলকার সাবেক সম্পাদকের ১০ বছর কারাদণ্ড

ধর্ষণ মামলায় তেহেলকার সাবেক সম্পাদকের ১০ বছর কারাদণ্ড
×

তেহেলকা সাময়িকীর সাবেক সম্পাদক তরুণ তেজপাল। ছবি: বিবিসির সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৯:১১ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১৯:২১

ভারতে ধর্ষণ মামলায় তরুণ তেজপাল নামে এক সাংবাদিককে দোষী সাব্যস্ত করেছেন আদালত। প্রায় এক দশক আগে তাঁর বিরুদ্ধে অভিযোগটি এনেছিলেন তৎকালীন এক সহকর্মী। মামলাটির রায়ে বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ তেজপালকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

তেজপাল তেহেলকা নামে একটি সাময়িকীর সাবেক সম্পাদক। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রায়ে কারাদণ্ডের পাশাপাশি আদালত তেজপালকে প্রায় ১০ লাখ রুপি জরিমানা করেছেন। রায় ঘোষণার আগে অভিযোগ অস্বীকার করে তেজপাল বলেছিলেন, তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন।

ভারতের অন্যতম পরিচিত সম্পাদক তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি তোলা হয় ২০১৩ সালে। অভিযোগকারী বলেছেন, ওই বছরের নভেম্বরে গোয়ায় তেহেলকার একটি আন্তর্জাতিক সম্মেলনের সময় লিফটে তাকে যৌন নিপীড়ন করেন তেজপাল। সম্মেলনটিতে হলিউড তারকা রবার্ট ডি নিরোও অংশ নিয়েছিলেন।

তেহেলকা সাময়িকী ভারতে এক সময় অনুসন্ধানী সাংবাদিকতা ও স্টিং অপারেশনের জন্য জনপ্রিয় ছিল। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আলোচিত স্টিং অপারেশনের মধ্যে আছে ‘অপারেশন ওয়েস্ট এন্ড’।

২০০১ সালে তেহেলকার সাংবাদিকরা ছদ্মবেশে একটি অভিযান চালান। তারা গোপন ক্যামেরায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদের ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করেন। পরে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন ভারতের তৎকালীন সরকারকে বেশ চাপের মুখে ফেলে দিয়েছিল।

আরও পড়ুন

×