কার্টারের মতোই বিপাকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১১:০৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মতোই বিপাকে পড়েছেন। কার্টার ১৯৭৯-৮০ সালে ইরানে মার্কিন জিম্মি ইস্যুর মুখে পড়েছিলেন। পরে তার প্রভাব পড়েছিল নির্বাচনে। ট্রাম্পের ক্ষেত্রেও তা হয় কিনা, এখন সেটিই দেখার বিষয়। সিএনএনের বিশ্লষণে এমন তথ্য উঠে এসেছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে।
এক সপ্তাহ আগেও ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালি অতি শিগগির খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে সিএনএন বলছে, বৈশ্বিক পরাশক্তি যুক্তরাষ্ট্রকে এখন তেহরানের শর্ত মানতে হচ্ছে। ইরান একের পর এক নতুন কঠোর শর্ত আরোপ করছে। দেশের বাইরে যখন ট্রাম্পকে এই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে, তখন দেশের ভেতরে তিনি পৃথক সমস্যার মুখে পড়েছেন। যুদ্ধের কারণে জ্বালানির দামে প্রভাব পড়েছে, অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এবং ভোটারদের মনোভাবে পরিবর্তন আসতে শুরু করেছে।
তবে ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব স্বাভাবিক দেখানোর। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন নানা বিষয়ে। এমনকি হোয়াইট হাউসে নতুন বলরুম গড়ে তোলারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এককথায়, ট্রাম্প নিজের কিছু তৈরি করে রেখে যেতে চাচ্ছেন। চলতি সপ্তাহে ট্রাম্প ছোট একটি জয়ের দেখা পেয়েছেন। তাঁর ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হওয়ার অনুমোদন পেয়েছেন। তবে এই জয় ভোটারদের খুশি করার বদলে ট্রাম্পকেই সন্তুষ্ট করেছে বেশি। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্প রাজনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা হয়ে আছেন। এগুলোর প্রতিটিই মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি বিষয়ই ট্রাম্পের পক্ষে কাজ করছে। তা হলো ডেমোক্রেটিক পার্টির বর্তমান অবস্থা। সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাট প্রাইমারিতে দলের প্রগতিশীল ও ডেমোক্র্যাট সোশ্যালিস্টরা বিজয়ী হতে শুরু করেছেন, যা মধ্যপন্থিদের চাপে ফেলছে। পুরো বিষয়টি ট্রাম্পের দাবিকে আরও সুদৃঢ় করছে যে তিনি বামপন্থি উগ্রপন্থা ঠেকাতে কাজ করছেন।
১৯৮০-এর দশকে ইরান ৫২ জন মার্কিন জিম্মিকে আটকে রেখে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল। তেহরানের সঙ্গে সে মুখোমুখি শীতল চাপ ৪৪৪ দিন স্থায়ী হয়েছিল। ৪৬ বছর পর মানুষকে আর জিম্মি করা হচ্ছে না। এবার হরমুজ প্রণালি দিয়ে একই ধরনের চাপ তৈরি হয়েছে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ডোনাল্ড ট্রাম্প
- ইরান