জাতিসংঘের প্রশিক্ষণকেন্দ্র দখল করল ইসরায়েল
ইসরায়েলি সেনা। সংগৃহীত ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১২:৩৫
ফিলিস্তিনের পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার সকালে অন্তত চারটি সাঁজোয়া যান এবং ৫০ জনের বেশি নিরাপত্তা কর্মকর্তা নিয়ে প্রশিক্ষণকেন্দ্রটিতে প্রবেশ করেন ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যরা।
অভিযানের পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কেন্দ্রটির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ইউএনআরডব্লিউএ এখন আমাদের দখলে।’
কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রটি আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত একটি জাতিসংঘ স্থাপনা এবং এটি ইউএনআরডব্লিউএ-এর সবচেয়ে পুরোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। সংস্থাটি তাদের এই সুরক্ষিত স্থানে ইসরায়েলি বাহিনীর অবৈধ অনুপ্রবেশ ও দখলের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ পূর্ব জেরুজালেমে তাদের প্রশিক্ষণকেন্দ্রসহ অন্যান্য জাতিসংঘের স্থাপনার অখণ্ডতা রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
শিশুদের ঘুড়ি ওড়াতে নিষেধ করল গাজা কর্তৃপক্ষ
শিশুদের ঘুড়ি ওড়ানো বন্ধে অভিভাবকদের নির্দেশ দিয়েছে গাজা কর্তৃপক্ষ। ইসরায়েলের দেওয়া হত্যার হুমকির পরই এমন সতর্কতা জারি করেছে গাজার স্থানীয় কমিটিগুলো। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, ‘আমাদের উদ্দেশ্য শিশুদের শৈশব সীমিত করা নয়, বরং তাদের নিষ্পাপ জীবন রক্ষা করা।’
গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের দিকে ঘুড়ি, বেলুন বা ড্রোন পাঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে দায়ীদের হত্যার লক্ষ্যবস্তু করা হবে। যেসব এলাকা থেকে ঘুড়ি পাঠানো হচ্ছে, সেসব এলাকাও খালি করা হবে। একই হুমকির পুনরাবৃত্তি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।