পা পিছলে তিন তলা থেকে পড়া কিশোরের শরীরে ঢুকে গেল রড
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৬:৩৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১৭:৫৫
পাশের ভবনে যেতে তিন তলা থেকে লাফ দেয় কিশোর। কিন্তু পা পিছলে নিচে পড়ে যায় সে। এ সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কাঁধ ভেদ করে মুখ দিয়ে বেরিয়ে যায় একটি লোহার রড। তবে অস্ত্রোপচারে প্রাণে বেঁচে গেছে ১৩ বছর বয়সী সেই কিশোর। খবর এনডিটিভির
ভারতের গুজরাটের সুরাটে এ ঘটনা ঘটে। নাজিশ নামের ওই কিশোর বিহারের বাসিন্দা। সে স্থানীয় দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর বন্ধুদের সঙ্গে পাশের একটি মসজিদের তিন তলায় খেলতে যায় নাজিশ। সেখান থেকে পাশের নির্মাণাধীন ভবনে লাফ দেওয়ার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায় সে। নিচে পড়ার সময় নির্মাণাধীন ভবনের একটি খোলা লোহার রডের ওপর গিয়ে পড়ে নাজিশ। রডটি তার কাঁধ ভেদ করে মুখ দিয়ে বেরিয়ে আসে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত লোহার রডটি কেটে তাকে আলাদা করেন। তবে রডের একটি অংশ মুখ দিয়ে বেরিয়ে থাকা অবস্থাতেই তাকে সুরাট সিভিল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করেন। পরে অভ্যন্তরীণ আঘাতের মাত্রা নির্ণয়ে জরুরি সিটি স্ক্যান করা হয়।
জটিল পরিস্থিতিতে অস্ত্রোপচারের জন্য প্লাস্টিক সার্জন, নাক-কান-গলা (ইএনটি) এবং অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ চিকিৎসক দল গঠন করা হয়। মুখের ভেতর লোহার রড আটকে থাকায় অস্ত্রোপচারের সময় কিশোরটির শ্বাসনালি নিরাপদ রাখা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা সফলভাবে তার শ্বাসনালি সুরক্ষিত রাখতে সক্ষম হন।
ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে শরীরের গুরুত্বপূর্ণ রক্তনালির ক্ষতি না করেই নিরাপদে রডটি বের করে আনেন চিকিৎসকরা। পরে ইএনটি বিশেষজ্ঞরা লালাগ্রন্থি ও ঘাড়ের আশপাশের পেশিতে হওয়া সামান্য ক্ষত মেরামত করেন।
বর্তমানে নাজিশকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হলে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
- বিষয় :
- ভারত