ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

এইচ-১বি ভিসাধারীদের জীবনসঙ্গীর কাজের অনুমতি বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

এইচ-১বি ভিসাধারীদের জীবনসঙ্গীর কাজের অনুমতি বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০১

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসাধারীদের স্বামী বা স্ত্রীদের (স্পাউস) কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বাতিল করার একটি নতুন প্রস্তাব এনেছে ট্রাম্প প্রশাসন। এটি বাস্তবায়িত হলে গত এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর থাকা একটি নীতি বাতিল হয়ে যাবে। এর ফলে হাজার হাজার এইচ-৪ ভিসাধারী দেশটিতে বৈধভাবে কাজ করার অধিকার হারাবেন। 

এইচ-৪ পারমিটধারীদের একটা বড় অংশ দক্ষিণ এশিয়ার হওয়ায়, এই পদক্ষেপের ফলে দেশটিতে বসবাসরত এ অঞ্চলের পেশাজীবী ও তাদের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট কর্মীদের ওপর নির্ভরশীল নির্দিষ্ট কিছু এইচ-৪ স্পাউসকে কর্মসংস্থানের যোগ্য অ-নাগরিকদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এর মাধ্যমে ২০১৫ সালে অনুমোদিত নিয়ম বাতিল করে আগের দীর্ঘদিনের নীতিতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। 

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আপাতত একটি প্রস্তাব এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে এইচ-৪ কাজের অনুমতি বাতিল হচ্ছে না। এটি কার্যকর করার আগে ডিএইচএসকে ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং জনগণকে মতামত দেওয়ার সুযোগ দিয়ে চূড়ান্ত নিয়ম জারি করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বৈধ ওয়ার্ক পারমিট থাকা ব্যক্তিরা কাজ চালিয়ে যেতে পারবেন। এর আগে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদেও একই ধরনের প্রস্তাব আনা হয়েছিল, যা পরবর্তীতে ২০২১ সালে প্রত্যাহার করে নেওয়া হয়।

এই পদক্ষেপটি মূলত এইচ-১বি ভিসাকে কঠোর করার সামগ্রিক প্রক্রিয়ার একটি অংশ। এর বাইরে নতুন এইচ-১বি কর্মী নিয়োগের ক্ষেত্রে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি আরোপের প্রস্তাব এবং চাকরি হারানোর পর নতুন নিয়োগকর্তা খোঁজার জন্য পাওয়া ৬০ দিনের সময়সীমা বাতিলের পরিকল্পনাও বিবেচনা করছে হোয়াইট হাউস। 

সাধারণত এইচ-৪ ভিসা সরাসরি কাজের কোনো অধিকার দেয় না, তবে যেসব এইচ-১বি কর্মী গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাদের স্পাউসদের আলাদাভাবে কাজের অনুমতি দেওয়া হয়। 

আরও পড়ুন

×