নিউইয়র্কে ছুরিকাঘাতে প্রাণ হারালেন নারী, পুলিশের গুলিতে নিহত ‘হামলাকারী’
ছবি: এএফপি
এপি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪১
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক নারী নিহত ও এক পুরুষ আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী ৪৯ বছর বয়সী এক নারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার ঠিক আগে টাইমস স্কয়ারের ওয়ান টাইমস স্কয়ার ভবনের বাইরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একটি সাব-স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পর্যটকদের জন্য অন্যতম ব্যস্ত এ এলাকায় ঘটনার সময় ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, কুইন্সের বাসিন্দা ওই নারী একটি শপিং ব্যাগ থেকে দুটি ছুরি বের করে প্রথমে সাবওয়ে স্টেশন থেকে বের হওয়া ৬৮ বছর বয়সী এক পুরুষের পেটে ছুরিকাঘাত করেন। ওই ব্যক্তি তখন তাঁর স্ত্রীর সঙ্গে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন। এর কয়েক সেকেন্ড পর ৩২ বছর বয়সী এক নারীর পেটেও ছুরিকাঘাত করেন হামলাকারী। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে ওই নারী মারা যান। আহত পুরুষের অবস্থা স্থিতিশীল।
পুলিশ কমিশনার জানান, হামলাকারীকে ছুরি ফেলে দেওয়ার জন্য কয়েক মিনিট ধরে বোঝানোর চেষ্টা করেন পুলিশ সদস্যরা। পরে তাকে নিয়ন্ত্রণে আনতে টেজার ব্যবহার করা হলেও তাতে কাজ হয়নি। একপর্যায়ে ছুরি হাতে ওই নারী পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে গেলে দুই কর্মকর্তা তাকে গুলি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ কর্মকর্তা ওই নারীকে ঘিরে রেখেছেন এবং তার হাতে দুটি বড় রান্নাঘরের ছুরি রয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা হামলাকারীকে হাতকড়া পরানো হয় এবং পুলিশ সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
জেসিকা টিশ বলেন, টাইমস স্কয়ারের প্রাণকেন্দ্রে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের কারণে আরও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। পুলিশের কাছে ওই নারীর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার বিষয়ে নথিবদ্ধ তথ্য ছিল। ২০১৮ ও ২০১৯ সালের কয়েকটি ঘটনার তথ্য থাকলেও তাকে গ্রেপ্তারের কোনো রেকর্ড পুলিশের হাতে নেই।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। হতাহতদের নিকটাত্মীয়দের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।
ঘটনার পর সেভেন্থ অ্যাভিনিউয়ের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, চলতি বছর শহরে সহিংস অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। হত্যাকাণ্ডের ঘটনাও ২৪ শতাংশ কমে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার পথে রয়েছে। তবে এ বছর টাইমস স্কয়ারে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। গত মে মাসে একই এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
- পুলিশ
- যুক্তরাষ্ট্র