পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আসিম ইফতিখার
আসিম ইফতিখার আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৯
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের বর্তমান স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদকে দেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই ঘোষণা দেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতিমধ্যে এই নিয়োগের অনুমোদন দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘আমি এটি ঘোষণা করতে পেরে আনন্দিত যে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্র সচিব হবেন।’
তিনি আরও বলেন, ‘ইফতেখার তার পূর্বসূরিদের করা গুরুত্বপূর্ণ কাজগুলোর ওপর ভিত্তি করে স্পষ্টতা, পেশাদারিত্ব এবং উদ্দেশ্যের সাথে পাকিস্তানের স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে।’
এছাড়াও, বর্তমান পররাষ্ট্র সচিব আমনা বালোচকে পাকিস্তানের কূটনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তার নিবেদিত সেবা এবং নেতৃত্বের জন্য প্রশংসা করেছেন তিনি।
তিনি বলেন, ‘বালোচ নিবেদিত জনসেবার একটি উত্তরাধিকার রেখে যাচ্ছেন এবং আমাদের উষ্ণ শুভকামনা তার সাথে রয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী দার জানান, অবসর গ্রহণের পর বালোচ তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে তিনি এই নতুন ভূমিকায় অত্যন্ত সুনামের সাথে পাকিস্তানের সেবা অব্যাহত রাখবেন।’
বালোচ ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৭ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত আহমেদও তার নিয়োগকে ‘একটি বড় সম্মান’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখায় আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার এই দায়িত্ব একসঙ্গে পালনের জন্য আমি উন্মুখ।
- বিষয় :
- পাকিস্তান