হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, নিখোঁজ ২ নাবিক
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২১
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর দুই নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও ২৩ নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ওমান।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ এল গাইয়ার ইঞ্জিনকক্ষে আগুন লাগার পর মঙ্গলবার সেটিকে টেনে ওমানের একটি বন্দরের দিকে নেওয়া হচ্ছিল। ওমানের মুসান্দাম উপদ্বীপের প্রায় ১ দশমিক ৩ নটিক্যাল মাইল বা ২ দশমিক ৪ কিলোমিটার উত্তরে জাহাজটি হামলার শিকার হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার দাবি করে, জাহাজটি নৌমাইনে আঘাত করায় আগুন ধরে যায়। তাদের ভাষ্য, জাহাজটি একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ পথে চলছিল।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, গত মাসে জাহাজটি ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সপ্তাহান্তে আবারও সেটিতে ড্রোন হামলা চালানো হয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, রোববার ভোরে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার খবর তারা পেয়েছে।
এর আগে চলতি মাসেই হরমুজ প্রণালিতে সৌদি মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাংকারে হামলার ঘটনায় দুই ফিলিপাইনি নাবিক নিহত হন। ওই ঘটনাতেও ইরান ও সৌদি আরব পরস্পরবিরোধী দাবি করেছিল।
আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকায় নৌযানে হামলার ৭৯টি নিশ্চিত ঘটনায় অন্তত ২২ নাবিক নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি
- বিষয় :
- হরমুজ প্রণালি
- হামলা
- নিখোঁজ