ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
মনোনয়নপত্র নিলেন বিএনপির তিন নেতা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৮
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার পৃথক সময়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্রগুলো নেওয়া হয়। মনোনয়নপত্র সংগ্রহকারী তিন নেতা হলেন– জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
এদিকে সংগৃহীত মনোনয়নপত্র আগামীকাল বুধবার নয়াপল্টনে বিএনপির দপ্তরে জমা দেবেন তারা। মির্জা ফয়সাল আমিনের পক্ষে ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাঁকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পয়গাম আলী।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য আজ বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। আগ্রহী প্রার্থীরা সংগৃহীত মনোনয়নপত্র আগামীকাল বুধবারের মধ্যে জমা দিতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এই আসনটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। মির্জা ফয়সাল আমিন সম্পর্কে তাঁর ছোট ভাই। অন্যদিকে, এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।