ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ট্রা ল’ স্কুল ফুটবল টুর্নামেন্টের সমাপনী

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ট্রা ল’ স্কুল ফুটবল টুর্নামেন্টের সমাপনী
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৩

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত ‘ইন্ট্রা ল’ স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সিজন ৩-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার রাজধানীর জেফ অ্যারেনা অ্যান্ড অ্যাকাডেমি মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের বাকি খেলাগুলো, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ব্যাচ ৬৫ চ্যাম্পিয়ন এবং ব্যাচ ৫৮ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’ এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, স্কুল অব ল’ এর চেয়ারপারসন বাহরীন খান, বিভাগের অন্যান্য শিক্ষক, আয়োজক কমিটির সদস্য, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও খেলোয়াড়রা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় ও অবদানকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-

চ্যাম্পিয়ন: ব্যাচ ৬৫
রানার্সআপ: ব্যাচ ৫৮
গোল্ডেন বুট: রাকিব, ব্যাচ ৬৫
গোল্ডেন বল: লিমন, ব্যাচ ৬৫
গোল্ডেন গ্লাভস: সোহান, ব্যাচ ৫৮
বেস্ট কমেন্টেটর অ্যাওয়ার্ড: নাহিয়ান, ব্যাচ ৬২
বেস্ট জার্সি অ্যাওয়ার্ড: ব্যাচ ৬৩

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, পারস্পরিক বন্ধুত্ব, নেতৃত্বগুণ ও দলীয় চেতনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে আয়োজক ব্যাচ ৫৯ সর্বোচ্চ শ্রম, সময় ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক পর্ব শেষ হয়। দুই দিনব্যাপী এ আয়োজন আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও দলীয় চেতনা আরও সুদৃঢ় করেছে।

আয়োজক কমিটি টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×