গাড়ির বিমা না থাকলে পাম্পে মিলবে না তেল, ভারতে নতুন নিয়ম
ছবি: সংগৃহীত
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৬
ভারতে বৈধ গাড়ির বিমা না থাকলে জ্বালানি না দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশটির বিমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (ইরডাই) ‘নো ইনস্যুরেন্স, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম পর্যায়ে দেশটির কয়েকটি বাছাই করা শহরে এ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, কোনো গাড়ি জ্বালানি নিতে পেট্রলপাম্পে প্রবেশ করলে সেখানে থাকা স্ক্যানার স্বয়ংক্রিয়ভাবে গাড়িটির নিবন্ধন নম্বর শনাক্ত করবে। এরপর ওই নম্বরের তথ্য ইন্স্যুরেন্স ইনফরমেশন ব্যুরো (আইআইবি) এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ‘বাহন’ ডেটাবেসের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
গাড়িটির বৈধ থার্ড-পার্টি বিমা না থাকলে পাম্প কর্তৃপক্ষ ওই গাড়িতে জ্বালানি সরবরাহ করতে পারবেন না। এ ব্যবস্থার মাধ্যমে রাস্তায় বিমাহীন গাড়ির চলাচল কমানোর পাশাপাশি দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভারতে বিপুলসংখ্যক গাড়ি বৈধ বিমা ছাড়াই চলাচল করে বলে সংশ্লিষ্টদের দাবি। এতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অনেক ক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন। এ সমস্যা মোকাবিলায় দেশটির সুপ্রিম কোর্ট আগে গাড়ির বৈধ বিমা না থাকলে জ্বালানি সরবরাহ বন্ধের প্রস্তাব দিয়েছিল।
ইরডাইয়ের পরিকল্পিত স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা চালু হলে পেট্রলপাম্পেই গাড়ির বিমার বৈধতা যাচাই করা সম্ভব হবে।
- বিষয় :
- ভারত
- জ্বালানি তেল