স্বজনের অগোচরে পুকুরে নেমে প্রাণ গেল তিন শিশুর
প্রতীকী ছবি
সাতক্ষীরা ও লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৬
সাতক্ষীরার কালীগঞ্জ ও বান্দরবানের লামায় স্বজনের অগোচরে পুকুরে নেমে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর। শুক্রবার দুপুরে দুর্ঘটনার শিকার হয় তারা।
কালীগঞ্জের দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা এলাকার। মৃত শিশুরা হলো– ওই গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) ও বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
প্রতিবেশী ইশরাত আলীর দেওয়া তথ্যমতে, ইকবাল হোসেন স্বজনের সঙ্গে সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে যান। এ সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে যায়। এক পর্যায়ে তারা দুজন পুকুরে পড়ে ডুবে যায়।
স্থানীয় বাসিন্দা আকবর গাজীর স্ত্রী নাহার বেগম শিশুদের ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেন। পরে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, স্বজনের কাছে তারা মরদেহ হস্তান্তর করেছেন।
এদিকে বান্দরবানের লামায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে নাহিদ নামের ৭ বছর বয়সী এক শিশুর। দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নাহিদ ওই এলাকার মো. সুমন ও নুরুবানু দম্পতির ছেলে। তারা দুজন কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। নাহিদ রূপসীপাড়া বাজারের একটি দোকানে কাজ করতো। এলাকাবাসীর ভাষ্য, শুক্রবার দুপুরের দিকে শিশু নাহিদ সবার অজান্তে রূপসীপাড়া এতিমখানার পুকুরের নামে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- সাতক্ষীরা
- বান্দরবান
- পানিতে ডুবে মৃত্যু