সুনামগঞ্জে আ.লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৬
সুনামগঞ্জে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা তৈরি ও নাশকতা চেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা এই মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সহসভাপতি মো. খায়রুল কবির রুমেন (৫৯), নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ৬৩ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভিডিও ফুটেজ দেখে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার মাহমুদুল হাসান ফারদিন (২০) ও পশ্চিম তেঘরিয়ার সালেহ আহমদ ফাইয়াজ (২৭)। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সুনামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাজীপাড়ার সার্কিট হাউজের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে আসামিরা ঝটিকা মিছিল করেন। মিছিলে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। তবে পুলিশ দেখামাত্র আসামিরা পালিয়ে যায়।
- বিষয় :
- সুনামগঞ্জ
- আওয়ামী লীগ
- মামলা