আরব দলগুলোর রেকর্ডের আভাস, নেতানিয়াহু বিরোধীদের সুর নরম
ইসরায়েলে নির্বাচন
আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের সমর্থকদের উচ্ছ্বাস। মঙ্গলবার ইসরায়েলের নাজারেতে। ছবি: এএফপি
টাইমস অব ইসরায়েল ও এএফপি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ১৫:০২
ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি দলের নজিরবিহীন সাফল্যের আভাস পাওয়া গেছে। এতে নির্বাচনের আগে অনেকটা কঠোর অবস্থানে থাকা নেতানিয়াহুবিরোধী জোটের একটি অংশ সুর নরম করতে শুরু করেছে।
আরব ও ফিলিস্তিনি বংশোদ্ভূতদের নেতৃত্বাধীন ওই দুটি রাজনৈতিক দল ও জোট হলো- রাআম ও জয়েন্ট লিস্ট। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১১, ১২ ও ১৩ প্রকাশিত বুথফেরত জরিপে জয়েন্ট লিস্ট ১১-১২ ও রাআমের সাতটি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ‘আরব ব্লকের’ আসনসংখ্যা দাঁড়াতে পারে ১৮-১৯টিতে।
ইসরায়েলে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর আগের সর্বোচ্চ সাফল্য ছিল ২০২০ সালে। সে সময় রাআমসহ জয়েন্ট লিস্ট ১৫টি আসন পেয়েছিল। সবশেষ পার্লামেন্টে তাদের যৌথ আসন ছিল ১০টি।
মঙ্গলবারের নির্বাচনে ইসরায়েলের আরব অধ্যুষিত শহরগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকে বলেন, তারা নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতেই ভোট দিয়েছেন। কারণ ডানপন্থি এই সরকার আরব সম্প্রদায়ের প্রতি নজিরবিহীন বৈরী আচরণ করেছে।
শহরগুলোর মধ্যে নাজারেতে ভোটার উপস্থিতি ছিল ৭২ দশমিক ২ শতাংশ। ২০২২ সালে ছিল ৪৮ দশমিক ২৯ শতাংশ। রাহাতে ভোট দিয়েছেন ৮২ শতাংশ, যা ২০২২ সালের ৬০ শতাংশের তুলনায় অনেক বেশি। উম্মুল-ফাহমে মঙ্গলবার ভোটার উপস্থিতি ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ। চার বছর আগে এটি ছিল মাত্র ৩৮ দশমিক ২৯ শতাংশ।
মনসুর আব্বাসের নেতৃত্বাধীন রাআম দল নেতানিয়াহুবিরোধী ‘চেঞ্জ ব্লকে’ যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। অপরদিকে জয়েন্ট লিস্ট সরাসরি কিছু না বলে সতর্ক অবস্থান নিয়েছে। তারা চেঞ্জ ব্লককে পরোক্ষ সমর্থন দিতে চায়। এই ব্লকের কয়েকটি দল নির্বাচনের আগে আরবদের সরকারে নেওয়ার সম্ভাবনা নাকচ করেছিল।
তবে ভোটের পর সুর নরম করেছেন চেঞ্জ ব্লকের সদস্য ও বামপন্থি দল দ্য ডেমোক্রেটসের নেতা ইয়ার গোলান। বুধবার মিত্রদের উদ্দেশে তিনি বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে কাজ করা উচিত।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইয়ার গোলান লিখেছেন, নেতানিয়াহু ভোটের ক্ষেত্রে ইহুদি ও আরবের মধ্যে বর্ণবাদী বিভাজন করেন। আমরা সেটি মানবো না। আমাদের কিছু দায়িত্ব আছে। আরব ইসরায়েলি নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তন আনার এটাই সুযোগ।