ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এক্সপ্লেইনার

স্বর্ণের দাম ওঠানামার সঙ্গে এনভিডিয়া কীভাবে জড়িত?

স্বর্ণের দাম ওঠানামার সঙ্গে এনভিডিয়া কীভাবে জড়িত?
×
×

এনভিডিয়ায় জেনসেন হুয়াংকে পুনর্বহালের পর কোম্পানির শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৯:০৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:৩৫

স্বর্ণকে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। অনেক সময় শেয়ারবাজারে অস্থিরতা বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝোঁকেন। এতে সাধারণত মূল্যবান ধাতুটির চাহিদা ও দাম বাড়ে।

তবে গত কয়েকদিনে দেখা গেছে, শেয়ারবাজারে বড় দরপতনের সময় স্বর্ণের দামও কমেছে। আবার প্রযুক্তি খাত সংশ্লিষ্ট একটি খবরের পর শেয়ারবাজার চাঙা হলে স্বর্ণের দামও বেড়েছে।

প্রযুক্তি খাতের খবরটি এনভিডিয়াকেন্দ্রিক। সোমবার জেনসেন হুয়াংকে সিইও পদে পুনর্বহাল করেছে কোম্পানিটি। তাদের তৈরি উন্নত চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উত্থানের অন্যতম ভিত্তি।

দীর্ঘ সময়ের নেতৃত্বে এনভিডিয়াকে শুধু চিপ নির্মাতা কোম্পানিতে সীমাবদ্ধ রাখেননি জেনসেন। ডেটা সেন্টার নির্মাণে চুক্তির পাশাপাশি তারা এআই স্টার্টআপগুলোতে বিনিয়োগ করেছে। এমনকি তাদের পণ্য কেনা প্রতিষ্ঠানগুলোকেও বিভিন্নভাবে সহায়তা দিয়েছে। ফলে প্রযুক্তি খাত অনেকটাই জেনসেন ও এনভিডিয়ার ওপর নির্ভরশীল।

১২ নভেম্বর সিইও পদ ছাড়েন জেনসেন। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদন এবং এক চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ঘিরে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত প্রশ্নের মধ্যে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ আছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, জেনসেন পদত্যাগের খবরের পর এনভিডিয়ার শেয়ার লেনদেনের শুরুতে প্রায় ১৪ শতাংশ কমে যায়। দিন শেষে ৪ দশমিক ৩ শতাংশ পতনে লেনদেন বন্ধ হয়। এর প্রভাব পড়ে বৈশ্বিক এআই-সংশ্লিষ্ট শেয়ারে।

জেনসেনের পদত্যাগের দুইদিন আগে, ১০ নভেম্বর থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। ইনভেস্টিং ডটকমের তথ্য অনুযায়ী, ওইদিন প্রতি ট্রয় আউন্স স্পট স্বর্ণের দাম ছিল প্রায় ৪ হাজার ১২৪ ডলার। ১৮ নভেম্বর বড় পতনের পর দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নামে।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও ফেরা এবং স্বর্ণের দামে ওঠানামা একই সময়ে ঘটায় প্রশ্ন উঠছে- এ দুটির মধ্যে কি কোনো সম্পর্ক আছে?

এনভিডিয়া ও স্বর্ণের দামের সম্পর্ক
এনভিডিয়ার সঙ্গে স্বর্ণের দামের সম্পর্ক সরাসরি নয়, বরং পরোক্ষ। বিশ্বের অন্যতম দামি কোম্পানিটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বিক্রির চাপ তৈরি করে। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি নিয়ে আলোচনা জোরদার হয় এবং ডলারের মানও বাড়ে।

স্বর্ণের খণ্ড হাতে এক বিক্রয় প্রতিনিধি। ফাইল ছবি: এএফপি

এমন পরিস্থিতিতে কিছু বিনিয়োগকারী লোকসান সামলাতে বা নগদ অর্থ সংগ্রহ করতে স্বর্ণ বিক্রি করেছেন বলে ধারণা করা হচ্ছে। এতে মূল্যবান ধাতুটির দাম চাপে পড়ে।

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার সম্প্রতি সিএনবিসিকে বলেন, স্বর্ণ সহজে বিক্রি করা যায়। তাই বাজারে চাপ তৈরি হলে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেন।

অর্থাৎ, এনভিডিয়া সরাসরি স্বর্ণের দাম নির্ধারণ করেনি। তবে কোম্পানিটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা, প্রযুক্তি খাতের শেয়ারবাজারে চাপ, ডলার ও সুদের হার নিয়ে উদ্বেগের মতো বিষয়গুলো স্বর্ণের পতনের পেছনে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

জেনসেনের ফেরায় স্বর্ণের দাম বাড়ল কেন?
এনভিডিয়ায় জেনসেনের ফিরে আসার খবরে বিভিন্ন বাজারে কেনাকাটা বেড়েছে বলে জানিয়েছেন সম্পদভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থিও’র প্রধান বিনিয়োগ কর্মকর্তা ইগি ইয়োপ্পে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, এতে স্বর্ণের দামও ঘুরে দাঁড়িয়েছে।

ইয়োপ্পের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান বিশ্বে এআই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে। জেনসেনের ফিরে আসার খবরে প্রযুক্তি খাতে নতুন করে আশার সঞ্চার হয়। বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদে আবারও কেনাকাটা শুরু করেন। এতে সামগ্রিক বাজার চাঙা হয়, যার প্রভাব পড়ে স্বর্ণের দামে।

অর্থাৎ, এনভিডিয়াকেন্দ্রিক খবরটি বিনিয়োগকারীদের বাজারে ফিরে আসার প্রবণতা বাড়িয়েছে। এর পরোক্ষ প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

সুদের হার কীভাবে স্বর্ণের দামে প্রভাব ফেলে?
স্বর্ণের আন্তর্জাতিক বাজার মূলত ডলারে নির্ধারিত হয়। ডলারের মান বাড়লে অন্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। এতে চাহিদা কমতে পারে এবং স্বর্ণের দাম চাপে পড়তে পারে।

স্বর্ণের দাম ওঠানামায় ডলারের মানও প্রভাব ফেলে। ছবি: সংগৃহীত

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকৃত সুদের হার বা রিয়েল ইন্টারেস্ট রেট। স্বর্ণ কোনো সুদ দেয় না, কিন্তু বন্ডে বিনিয়োগ করলে নির্দিষ্ট সুদ পাওয়া যায়। সুদের হার কম থাকলে বন্ড থেকে পাওয়া আয় তুলনামূলক কম হয়। তখন স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

অন্যদিকে, সুদের হার বাড়লে বন্ডের আয় বাড়ার সম্ভাবনা থাকে। এতে স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয়ও বাড়ে। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে সুদ পাওয়া সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

স্বর্ণের দাম কি আরও বাড়বে?
ডলারের দর বৃদ্ধির গতি থেমে যাওয়ায় সোমবার স্বর্ণের দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৭ দশমিক ৬৮ ডলারে কেনাবেচা হয়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, স্বর্ণের ফিউচার্স বা ভবিষ্যৎ চুক্তির বাজারেও দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৬৪৯ দশমিক ২০ ডলারে ওঠে।

তবে স্বর্ণের দাম আরও বাড়বে- এমন নিশ্চয়তা নেই। গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকদের মতে, বছর শেষ হওয়ার আগে কিছু হেজ ফান্ড নতুন বিনিয়োগে আগ্রহী নাও হতে পারে। ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা থাকায় তারা স্বর্ণের মজুত বাড়ানোর সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারে।

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের পণ্যবাজারবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হামাদ হুসেইন। তিনি এক নোটে লিখেছেন, স্বর্ণের দাম কমানোর পেছনে যেসব কারণ কাজ করছে, সেগুলো দীর্ঘস্থায়ী হতে পারে।

হামাদের মতে, আগামী এক বছর বা তার কিছু বেশি সময়ের মধ্যে ডলারের মান ও প্রকৃত সুদের হার কমার আশা আছে। তবে নিকট ভবিষ্যতে দুটিই উচ্চ পর্যায়ে থাকতে পারে। কারণ, ফেড সম্ভবত সুদের হার আরও বাড়াবে।

তাই স্বর্ণের ভবিষ্যৎ দামের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ফেডের সিদ্ধান্ত, মূল্যস্ফীতির তথ্য, ডলারের গতিপথ এবং বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার মনোভাব।

আরও পড়ুন

×