এস্তোনিয়ার বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া
সীমান্তে নিজেদের অংশে এস্তোনিয়া, ন্যাটো ও ইইউয়ের পতাকা। অপর অংশে রাশিয়ার পতাকা। ছবি: আল জাজিরার সৌজন্যে
আল জাজিরা ও এএফপি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:২৪
প্রতিবেশী দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে রাশিয়া। একইসঙ্গে দেশটির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দিয়েছে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাল্টিক সাগরে সম্প্রতি রাশিয়ার একটি জাহাজে হামলা করে ইউক্রেন। একই সময় মস্কোর সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় এস্তোনিয়া। এ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মস্কোর অভিযোগ ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে তালিন।
সীমান্ত বন্ধ নিয়ে এস্তোনিয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে স্থানীয় সময় সোমবার রাষ্ট্রদূতকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর এক বিবৃতিতে বলা হয়, ‘কূটনীতিককে জানানো হয়েছে যে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড এস্তোনিয়াকে রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’
প্রতিবেশী দেশটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে মস্কো। এর মধ্যে একটি হলো ‘রুশবিদ্বেষী’ প্রবণতা। এস্তোনিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠী বসবাস করে। তারা প্রায়ই বৈষম্যের শিকার হয় বলে দাবি করে মস্কো।
২০১৪ সালে পূর্ব ইউক্রেনে অনুপ্রবেশের সময়ও ওই অঞ্চলে বসবাসরত রুশভাষীদের অধিকার দমনের অভিযোগ তুলেছিল রাশিয়া। সোমবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার আছে মস্কোর।
মন্ত্রণালয়ের দাবি, এস্তোনিয়া রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা, শস্য পরিবহন ও ভাষা নিষিদ্ধের উদ্যোগও নিয়েছে।
এস্তোনিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য। তারা মস্কোর অভিযোগগুলো অস্বীকার করেছে। সীমান্ত বন্ধের কারণ নিয়ে গত শুক্রবার দেশটির পুলিশ জানায়, রুশ গোয়েন্দা সংস্থাগুলোর লোক নিয়োগ ও প্রভাবিত করার কর্মকাণ্ড দমন করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের কয়েকটি দেশ নিজেদের ভূখণ্ডে নাশকতামূলক হামলার পেছনে রাশিয়াকে দায়ী করে আসছে। তাদের মতে, এটি কিয়েভের মিত্রদের বিরুদ্ধে মস্কোর ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ।
- বিষয় :
- রাশিয়া
- এস্তোনিয়া
- হুমকি
- যুদ্ধ
- সীমান্ত