ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হংকংয়ে রাতভর সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে আটকা বিক্ষোভকারীরা

হংকংয়ে রাতভর সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে আটকা বিক্ষোভকারীরা
×

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ- এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০১:০৭

রাতভর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটকা পড়েছেন বিক্ষোভকারীরা; এরপর ওই ক্যাম্পাস ঘিরে রেখেছে পুলিশ।

গত কয়েকদিন ধরে এই পলিটেকনিক বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছেন বিক্ষোভকারীরা। রোববার রাতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সোমবার সকালে বিক্ষোভকারীরা ক্যাম্পাস ছাড়তে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে ভেতরেই অবস্থান নিতে হয়েছে তাদের।

বিবিসি বলছে, সকালে যখন বিক্ষোভকারীরা ক্যাম্পাস ছেড়ে যেতে চেষ্টা করছিলেন; পুলিশ তাদের প্রতিহত করে। রাবার বুলেট ও টিয়ার গ্যাসের মুখে তারা আবারও ক্যাম্পাসের ভেতরে চলে যান।

এর আগে রোববার বিকেলে ক্যাম্পাসে আটকা পড়া বিক্ষোভকারীদের মধ্যে থেকে পালিয়ে বের হয়ে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কয়েকজন।

বিশ্ববিদ্যালয়টির ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়ছেন, অন্তত ৫০০ বিক্ষোভকারী ক্যাম্পাসে আটক পড়ে আছেন। পর্যাপ্ত বিশুদ্ধ পানি থাকলেও ক্যাম্পাসে অবস্থানরত মানুষের তুলনায় খাবারের অভাব দেখা দিয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আন্দোলনকারীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল; কিন্তু তা তারা গ্রহণ করতে পারেননি।

গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের কারণে অস্থিরতা বিরাজ করছে হংকংয়ে। তবে আধা স্বায়ত্বশাসিত এই চীনা নিয়ন্ত্রনাধীন শহরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে।

গত কিছুদিনে উগ্র বিক্ষোভকারীরা বারবার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের অভিযোগ, পুলিশ তাদের বিক্ষোভ দমনের উদ্দেশ্যে ওপর অতিরিক্ত শক্তি ব্যবহার করছে।

সরকারি একটি বিলের বিরোধিতা করতে গিয়ে এই গ্রীষ্মে হংকং-এ বিক্ষোভের সূত্রপাত। বিলটিতে বলা ছিল, কোনো অপরাধী ব্যক্তিকে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে চীনের মূল ভূখণ্ডে হস্তান্তর করা যাবে।

হংকং চীনের অংশ হলেও এই স্থানটি বিশেষ স্বাধীনতা ভোগ করে থাকে। কিন্তু হংকংয়ের মানুষের মধ্যে এই বোধ তীব্র হচ্ছে যে, বেইজিং তাদের ওপর আরো বেশি মাত্রায় নিয়ন্ত্রণ আরোপ করতে চায়।

চিলি ও লেবাননের মতই হংকংয়ের বিক্ষোভেও কাজ হয়েছে। বিতর্কিত বিলটি প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। কিন্তু তবু বিক্ষোভ এখনো চলমান।

আরও পড়ুন

×