'নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের পরিকল্পনা ছিল'
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার জ্ঞাওয়ালি (ফাইল ছবি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০২:৩০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৩:২৭
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিরুদ্ধে অনাস্থা ভোটের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং নেপাল কমিউনিস্ট পার্টির নবনিযুক্ত মুখপাত্র প্রদীপ কুমার জ্ঞাওয়ালি।
মঙ্গলবার বালুওয়াতারে অলির আহ্বান করা কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্ঞাওয়ালি একথা বলেন। খবর এএনআইয়ের
তিনি বলেন, অলির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উপস্থাপনের জন্য খসড়া তৈরি করতে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির আইনজীবীদের স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। রোববার সকালে সংসদ ভেঙে দেওয়ার জন্য সুপারিশ করে মন্ত্রিসভার জরুরি বৈঠক করার প্রায় এক ঘণ্টা তার বিরুদ্ধে অনাস্থা ভোটটি নিবন্ধিত হয়।
তিনি জানান, নেপাল কমিউনিস্ট পার্টির আইনজীবীসহ অলি সরকারের কয়েকজন মন্ত্রীও এই নথিতে স্বাক্ষর করেন, যা রোববার সন্ধ্যায় গণমাধ্যমে প্রকাশ করা হয়।
গত ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন সাধারণ নির্বাচন দেওয়ার সুপারিশ করেন।
নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিলেন অলি। তবে নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি।
নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের পদ থেকেও সরানো হয়েছে অলিকে। মঙ্গলবার অলিকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর কথা জানিয়েছেন দলটির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ। তার জায়গায় আনা হয়েছে মাধব কুমারকে।
অলির পদক্ষেপ ‘অসাংবিধানিক’ এই অভিযোগ তুলে ইতোমধ্যেই নেপালের সুপ্রিম কোর্টে ১২টি মামলা দায়ের হয়েছে।
