বিলুপ্ত হয়ে গেল সুমাত্রান গন্ডার
সুমাত্রান গন্ডারের রয়টার্সের ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৯:৩৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ০৯:৪০
একটি প্রাণী প্রজাতির চিরতরে বিলুপ্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল গত বছর মার্চ মাসে। পৃথিবীতে টিকে থাকা একমাত্রা শ্বেত গন্ডারের মৃত্যুর মধ্য দিয়ে এই প্রজাতিটি বিলুপ্তির তালিকায় উঠে যায়। এবার আরেকটি প্রজাতির বিলুপ্তির খবর পাওয়া গেল। এটিও একটি গন্ডার- মালয়েশিয়ায় টিকে থাকা শেষ মাদি সুমাত্রান গন্ডার। এটির মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো প্রজাতিটির বিচরণ। শনিবার বোর্নিও দ্বীপে ইমান নামের ২৫ বছর বয়সী এই মাদি গণ্ডারটি মারা যায়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিল ইমান।
একসময় এশিয়াজুড়েই সুমাত্রান গন্ডারের বিচরণ ছিল। বর্তমানে বন্য অবস্থায় এদের আর দেখা যায় না। মায়েশিয়ার কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় ৫টা ৩৫ মিনিটে ইমান মারা যায়। মালয়েশিয়ার সাবা রাজ্যের পর্যটন, সংস্কৃতি ও পরিবেশমন্ত্রী ক্রিস্টিন লিউ বলেছেন, 'প্রাকৃতিক কারণেই এর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে শককে কারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, '২০১৪ সালের মার্চে ধরা পড়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ইমানকে অতি যত্নে রাখা হয়েছিল।'
নিয়ন্ত্রণহীন শিকার ও বন উজাড়ের কারণে সুমাত্রান গন্ডারের সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। এখন অবশিষ্ট গন্ডারদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের পরস্পর থেকে বিচ্ছিন্নতা। মালয়েশিয়ায় এই প্রজাতির গন্ডারের প্রজননের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
বর্তমান বিশ্বে পাঁচ প্রজাতির গন্ডার টিকে আছে। এগুলোর দুটি আফ্রিকান ও তিনটি এশিয়ান প্রজাতি। এশিয়ানদের মধ্যে রয়েছে সুমাত্রান ও জাভান প্রজাতি। ২০১৮ সালের এক প্রতিবেদনে বিবিসি জানায়, জাভানও বিলুপ্তির মুখে রয়েছে। এশিয়ান প্রজাতির অনধিক ১০০টি সুমাত্রান গন্ডার (কেউ কেউ সংখ্যাটি ৩০-এর বেশি হবে বলে মনে করেন না) বন্য অবস্থায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে কোনো কোনো প্রাণী বিশেষজ্ঞ ধারণা করেন। এগুলোর মধ্যে আর কোনো পুরুষ টিকে নেই বলেই বিশ্বাস।
আরও যেসব প্রাণ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণ গন্ডার, আমুর চিতাবাঘ, ফরেস্ট হাতি এবং বোর্নিও দ্বীপের ওরাংওটান। এদের কোনো কোনোটির সংখ্যা হয়তো একশ'রও কম বলে আশঙ্কা করা হচ্ছে। আরও যেসব প্রাণী হারিয়ে যাওয়ার পথে রয়েছে, তার মধ্যে রয়েছে সাইগা অ্যান্টিলোপ, মেরু ভালুক, ফিলিপাইন ঈগল, লিমুর, প্যাঙ্গোলিন। জানা ইতিহাসে বিলুপ্ত প্রাণী প্রজাতির মধ্যে সবচেয়ে বড় উদাহরণ ডোডো। ভারত মহাসাগরের মরিসাস দ্বীপের স্থানীয় পাখি ছিল এটি। তবে এরা উড়তে পারত না। আজ তাদের আর পৃথিবীতে দেখা যায় না। প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন ২০১৮ সালে এক হিসাবে দেখায়, বিশ্বে পাঁচ হাজার ৫৮৩ প্রাণী প্রজাতি 'গুরুতর বিপদে'র মুখে রয়েছে। সূত্র: রয়টার্স ও বিবিসি।
