ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় আগুন, নিহত ১৫

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় আগুন, নিহত ১৫
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১ | ০৭:০২ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ | ০৭:০২

রাশিয়ার একটি বিস্ফোরক কারখানায় আগুন লেগে ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন। রাজধানী মস্কো থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। রিয়াজান নামের ওই অঞ্চলের গভর্নমেন্ট জানিয়েছেন, একজনের ভাগ্যে কী ঘটেছে এখনো জানা যায়নি। গুরুতর অগ্নিদগ্ধ একাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির জরুরি মন্ত্রণালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারখানা ভবনে ধোঁয়া ও ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। প্লান্টটিকে রুশ সরকার একটি কৌশলগত সংস্থা হিসাবে বিবেচনা করে। খবর এনডিটিভির।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬০ বর্গমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়লেও তা নিভিয়ে ফেলা হয়েছে এবং স্থানীয়দের জন্য বিপদ ডেকে আনেনি।

রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় অ্যামেচার ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে আগুন ধরে যাওয়া ট্রাকের সারি। ফ্যাক্টরির কাছাকাছি একটি বনভূমিতেও আগুন ধরে যায় এবং সেটি পুড়ে ধ্বংস হয়ে গেছে।

রাশিয়ায় দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড খুব সাধারণ বিষয়। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০১৮ সালে সাইবেরিয়ার কেমেরোভো শহরের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ফলে ৪১ শিশুসহ ৬৪ জন মারা যায়।

অগ্নিকাণ্ডের সময় কারখানায় ১৭ জন কর্মী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পিজিইউপি ইলাস্টিক কারখানায় ‘প্রযুক্তিগত প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের’ কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

কারখানাটি মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে লেসনো নামে একটি গ্রামে অবস্থিত। সেখানে শিল্পকাজে ব্যবহৃত বিস্ফোরক উৎপাদন হতো বলে জানা যায়।

আরও পড়ুন

×