বাংলাদেশের ভিডিওকে ভারতের দাবি করে বিপাকে ইমরান
ইমরান খানের সেই টুইট। পরে সেটি সরিয়ে ফেলা হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ২২:৫৫ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০০:৪২
সাত বছরের পুরনো বাংলাদেশের একটি ভিডিওকে ভারতের দাবি করে বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সরব হয়ে ওঠেন নেটিজেনরা। তারাই পাল্টা জানিয়ে দেন, ভুয়া ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। খবর আনন্দবাজারের
উত্তরপ্রদেশের বলে বাংলাদেশের পুরোনো ভিডিও পোস্ট করার দু’ঘণ্টার মধ্যেই ওই টুইট সরিয়ে দেওয়া হয় ইমরান খানের টুইটার হ্যান্ডেল থেকে।
শুক্রবার রাত পৌনে ৮টায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে ইমরান দাবি করেন, যোগী আদিত্যনাথের রাজ্যে এভাবেই মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনাটি যে মুসলিমদের দেশছাড়া করতে নরেন্দ্র মোদি সরকারের ভারতীয় পুলিশের হামলার অঙ্গ, তা-ও দাবি করেন ইমরান।
শুধু নেটিজেনরাই নয়, ইমরানের দাবি নিয়ে সরব হয়েছে উত্তরপ্রদেশ পুলিশও। ইমরানের ওই টুইটের পাল্টা হিসাবে উত্তরপ্রদেশ পুলিশ লিখেছে, ‘এটা উত্তরপ্রদেশের নয়, বরং ২০১৩-র মে মাসে বাংলাদেশের ঢাকার একটি ঘটনা। উর্দিতে লেখা রয়েছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন)।’
সেই সঙ্গে বেশ কিছু লিঙ্ক দিয়েও ইমরানের উদ্দেশে উত্তরপ্রদেশ পুলিশের মন্তব্য, ‘এ বিষয়ে আপনাকে অবগত করতে এই লিঙ্কগুলো সাহায্য করবে।’
