ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নিবেদিত পঙ্‌ক্তিমালা

৭ মার্চ ও একটা আঙুল

৭ মার্চ ও একটা আঙুল
×

ফিরোজ আহমদ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ১২:০০

কারো উঁচু করা একটা আঙুলে
সাত কোটি মানুষের স্বপ্ন জড়িয়ে যেতে
আমি কখনো দেখিনি।
আমি কখনো শুনিনি কারো একটা ঘোষণা
যা শুনেই কুপোকাত হতে পারে দানব বাহিনী।
আমি শুনিনি এমন কোনো আহ্বান
শুনিনি এমন কোনো জাদুকরি ডাক
তিরিশ লক্ষ লোক আত্মাহুতি দিতে পারে
যে সুরের মোহে-

তেমন রাগিণী আমি কখনো শুনিনি।

বিবিসি অথবা হোক রেডিও সিলোন
করেনি কখনো প্রচার
তেমন গানের।
একবার শুধু, শুধু একবার ...
রেসকোর্স কনসার্টে কোনো এক ভাবালু গায়েন
জনতার লোকগীতি গেয়েছিল উঁচিয়ে আঙুল
বলেছিল মানুষের মরমের বাণী ...
অপমানে বেদনায় সিক্ত করে ভাষণের সুরে।
একতারে বাউলের যে আঙুল নড়ে
নেড়েছিল সে আঙুল- আকাশের দিকে ...
উঁচু করে ধরে।

তারপর ইতিহাস নদীর মতন বয়ে গেলে
জলে ভেসে এসেছিল বিদেশি হাঙর
নৌকোর তলা ফুটো-করে দিতে-প্রচুর আরোহী
ভিড় করেছিল চারিদিকে।

তারপরও স্পর্ধাভরে ভেসে থাকে জনতার নাও
বিধাতার ইশারায় ভেসে থাকে নূহের সাম্পান
কিশতির পাটাতনে হাঁটে শিশু জাতি
বাবার আঙুল হাতে ধরে ..
গুটি পায়ে।

ক্রমশই চেতনায় নিশ্চিত হয়ে ওঠে একটি ইমেজ

তর্জনী সোজা রাখা একটা মানুষ

আর, একতারে বোল তোলা একটা আঙুল।

আরও পড়ুন

×