ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নিবেদিত পঙ্‌ক্তিমালা

প্রাণের মানুষ আছে প্রাণে

প্রাণের মানুষ আছে প্রাণে
×

ছবি: গোল

মারুফুল ইসলাম

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ১২:০০

তাঁর কথা আজও বাঁশবনে রূপকথার জোনাকি
বেদনার ভরা পাল বিষাদের নদীপথ ধরে যেতে থাকে
আনন্দের মোহনায়
ওখানে সমুদ্র বাড়িয়ে রেখেছে তার দু'বাহু
মলিন হতে থাকা রাশি রাশি বর্ষপঞ্জিকার বিপরীতে
তিনি হতে থাকেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতম

ছায়াপথে তাঁর যত আয়োজন
আমি প্রাতিস্বিক পরিভ্রমণে দেখি চলমান ছবি
আঁকি তাঁর আর সোনার বাংলার মুখচ্ছবি

কস্মিনকালেও দয়া করে না বিশ্বাসঘাতকতা
পকেটে পরশপাথর নিয়ে নিরাপদ নিদ্রায় স্বপ্ন বোনে শিশু
নারীরা ধ্রুপদী সঙ্গীত হয়ে বেজে ওঠে সেতারে সরোদে
ধানক্ষেতে পাক খায় বাউকুমটা বাতাস

যে ছবি আমরা পেয়েছি তাঁর কাছে
তার রঙ ছেয়ে থাকে পার্থিব আকাশে
চিত্রকর তিনি অপার্থিব
না, নির্বাসনে নয়
আমার প্রাণের মানুষ আছে প্রাণে

আরও পড়ুন

×