ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুষ্টিয়ায় মাউশির আঞ্চলিক কার্যালয় চাই

কুষ্টিয়ায় মাউশির আঞ্চলিক কার্যালয় চাই
×

মো. হায়দার আলী

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০৬:২৮

| প্রিন্ট সংস্করণ

বর্তমানে দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। খুলনা এগুলোর অন্যতম। খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে রয়েছে ১০টি জেলা ও ৫৯টি উপজেলা। প্রতিটি উপজেলায় গড়ে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান হলে মোট দাঁড়ায় এক হাজার ৭৭০টি (বাস্তবে আরও বেশি)। এগুলোর মধ্যে যদি ৩০ শতাংশ প্রতিষ্ঠান থেকে আবেদন যায়, তা হলেও ফাইলের সংখ্যা দাঁড়ায় ৫৩১। এত ফাইল পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করতে গিয়ে অনেক সময় কিছু ফাইল অনিষ্পন্ন অবস্থায় থাকে।
এ ছাড়া খুলনা আঞ্চলিক অফিসের অনেকেই এখন উৎকোচ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। টাকা দিলে সঙ্গে সঙ্গে কাজ করে দেন, না দিলে অনেক সময় এমপিও ফাইল সঠিক থাকা সত্ত্বেও বাতিল করে দেন। কখনও অনিষ্পন্ন অবস্থায় ফেলে রাখেন। এমন অভিযোগ অহরহ শোনা যায়। তা ছাড়া ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের একেবারেই শেষপ্রান্তে। কুষ্টিয়া থেকে খুলনার দূরত্ব ১৫৯ কিলোমিটার, যেতে সময় লাগে পাঁচ-ছয় ঘণ্টা।
খুলনা আঞ্চলিক অফিসের কাজের চাপ, অব্যাহত দুর্নীতি হ্রাস ও শিক্ষক হয়রানি বন্ধ করতে বৃহত্তর কুষ্টিয়ার তিনটি জেলা, পার্শ্ববর্তী ঝিনাইদহ ও মাগুরা জেলা– মোট পাঁচটি জেলা নিয়ে পৃথক আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হলে দ্রুত সময়ে ফাইলগুলোর নিষ্পত্তি হবে। সেই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের সময়, অর্থ ও ভোগান্তি অনেক কমে যাবে।
উল্লেখ্য, মাত্র চারটি জেলা নিয়ে মাউশির কুমিল্লা অঞ্চল গঠিত। তা হলে পাঁচটি জেলা নিয়ে কুষ্টিয়ায় আলাদা একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা যেতেই পারে। তাই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা, কুষ্টিয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষার পৃথক আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক।

মো. হায়দার আলী: মিলপাড়া, কুষ্টিয়া

আরও পড়ুন

×